জাতীয় নির্বাচনের রেশ কাটতে না কাটতেই চাতরী ইউনিয়নজুড়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চায়ের আড্ডা থেকে সামাজিক পরিসর সবখানেই চলছে জোর আলোচনা।
স্থানীয়দের আলোচনায় বারবার উঠে আসছে উপজেলা যুবদলের জ্যেষ্ঠ সংগঠক ও শিল্প উদ্যোক্তা মীর মোশারফ হোসেন–এর নাম। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি ব্যবসায়িক অঙ্গনেও তিনি সুপরিচিত। তিনি মার্চেন্ডাইজিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর সাবেক চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক এবং বিজিএমইএ–এর অ্যাসোসিয়েট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জি এইচ আই গ্রুপ এর পরিচালক হিসেবে কর্মরত আছেন।
তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে শিল্প ও কর্মসংস্থানের বাস্তব অভিজ্ঞতাকে তাঁর বড় শক্তি হিসেবে দেখছেন অনেকে। স্থানীয় ব্যবসায়ী ও যুবসমাজের একটি অংশের মতে, শিল্প উদ্যোক্তা হিসেবে অর্জিত ব্যবস্থাপনা দক্ষতা, নেটওয়ার্ক এবং উন্নয়ন ভাবনা ইউনিয়নের সার্বিক অগ্রগতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
এদিকে চাতরী ইউনিয়নের বাসিন্দারা উন্নত সড়কব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে টেকসই উদ্যোগ প্রত্যাশা করছেন। তাঁদের মতে, দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যার সমাধান এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এখন সময়ের দাবি।











