বিশ্বকাপ জয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা

| শনিবার , ১৮ জুলাই, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

বিশ্বকাপ ট্রফি, সোনার পদক ছাড়াও একটি বিশেষ পুরস্কার পাবেন এ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়নেরা। বিশ্বজয়ী দলের ফুটবলারদের একটি বিশেষ স্মারক আংটি দেবে ফিফা। এ বারই প্রথম দেওয়া হবে এই পুরস্কার। ফাইনালে পর পুরস্কার বিতরণী মঞ্চেই চ্যাম্পিয়ন দলের কোচফুটবলারদের দেওয়া হবে ‘চ্যাম্পিয়নশিপ রিং’। ফিফা জানিয়েছে, প্রথমবার বিশ্বজয়ীদের জন্য এই সম্মাননা স্মারক তৈরি করা হয়েছে। আমেরিকার এনবিএ, এনএফএলের মতো প্রতিযোগিতায় চ্যাম্পিয়নদের ‘চ্যাম্পিয়নশিপ রিং’ দেওয়ার প্রথা রয়েছে। সেই আমেরিকার মাটিতেই ফুটবল বিশ্বকাপের সঙ্গে যুক্ত হচ্ছে ‘চ্যাম্পিয়নশিপ রিং’। ফিফা সমাজিকমাধ্যমে প্রকাশ করেছে বিশেষ আংটির ছবি। ফিফা জানিয়েছে ২০২৬এর বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে মোট ২০২৬টি রিং বা আংটি তৈরি করানো হচ্ছে। এর মধ্যে ৩০টি থাকবে চ্যাম্পিয়ন দলের ফুটবলার এবং কোচদের জন্য। বাকিগুলি সরকারি লাইসেন্স প্রাপ্ত পণ্য হিসাবে গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের জন্য বাজারে আনা হবে। আংটির এক দিকে থাকছে বিশ্বকাপের নকশা। অন্য দিকে থাকবে চ্যাম্পিয়ন দলের পরিচয়, প্রতীক এবং রং। চ্যাম্পিয়ন দলের জন্য নির্দিষ্ট আংটিগুলিতে থাকবে আলাদা নম্বর। প্রাপকদের প্রত্যেকের আঙুলের মাপ অনুযায়ী আংটি তৈরি করিয়ে দেবে ফিফা। ফাইনালের পর পুরস্কার বিতরণী মঞ্চে চ্যাম্পিয়ন দলের কোচ এবং অধিনায়ককে স্মারক হিসাবে দেওয়া হবে অস্থায়ী আংটি। পরে প্রত্যেকের আঙুলের মাপ নিয়ে আংটি তৈরি করিয়ে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে। ১৯ জুলাইয়ের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং স্পেন। লিওনেল মেসিরা গত বারের চ্যাম্পিয়ন। মোট তিন বার বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। স্পেন বিশ্বকাপ পেয়েছে এক বার। এ বার যারা চ্যাম্পিয়ন হবে তারা প্রথম দেশ হিসাবে পাবে ফিফার ‘চ্যাম্পিয়নশিপ রিং’।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় পর্যায়ের সাঁতারে স্বপ্ন ছুঁতে চায় রাঙ্গুনিয়ার পায়েল নাথ
পরবর্তী নিবন্ধআর্জেন্টিনার প্রেসিডেন্ট ফাইনাল খেলা দেখবেন বাড়িতে বসেই