বিশেষ কৌশলে আনা সোয়া কোটি টাকার আধা কেজি স্বর্ণ উদ্ধার

শাহ আমানত বিমানবন্দর

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৯ অক্টোবর, ২০২৬ at ৫:৫৬ পূর্বাহ্ণ

গৃহস্থালি সামগ্রীর ভিতরে বিশেষ কৌশলে লুকিয়ে দেশে আনার সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে আধা কেজির বেশি স্বর্ণ ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। উক্ত যাত্রী আবুধাবি থেকে দেশে ফিরছিলেন। বিমানবন্দর ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস ইন্টেলিজেন্সের সমন্বয়ে পরিচালিত অভিযানকারী দল মোহাম্মদ কামরুল ইসলাম নামের ওই যাত্রীকে আটক করে। পরবর্তীতে বিশেষ কায়দায় গৃহস্থালি সামগ্রীর ভেতরে লুকানো চারটি স্বর্ণের বার এবং যাত্রীর কাছে থাকা স্বর্ণের চুড়ি মিলে মোট ৫৬৬ গ্রাম স্বর্ণ ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এই ঘটনায় কামরুল ইসলামকে আটক করা হয়েছে। উদ্ধার স্বর্ণের দাম প্রায় ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, গতকাল রোববার সকাল সাড়ে ৬টার দিকে আবুধাবি থেকে ইউএস–বাংলা এয়ারলাইনসের বিএস–৩৫০ ফ্লাইটে আসা ওই যাত্রী বিমানবন্দরের কাস্টমস হলে স্ক্যানিংয়ের সময় গোয়েন্দাদের সন্দেহের তালিকায় আসেন। পরে বিমানবন্দরের ডিজিএফআই, এনএসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে তার ব্যাগেজ তল্লাশি করা হয়।

তল্লাশিতে যাত্রীর ব্যাগে থাকা নন–স্টিক প্যান, স্টেইনলেস স্টিলের সবজি ব্লেন্ডিংয়ের যন্ত্র এবং স্টেইনলেস স্টিলের বাসন রাখার স্ট্যান্ডের ভেতরে বিশেষ কায়দায় লুকানো চারটি স্বর্ণের বার পাওয়া যায়। এসব বারের ওজন ৪৬৬ গ্রাম। এছাড়া ওই যাত্রীর কাছ থেকে ১০০ গ্রাম ওজনের স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়।

আটক যাত্রী মোহাম্মদ কামরুল ইসলামের বাড়ি বাঁশখালীর দোনগ্রা এলাকায়। উদ্ধার করা স্বর্ণের চালানের পরিমাণ নির্ধারণের পর তা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের করে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঢাকা থেকে বাতিল ফ্লাইট বেড়ে ১১৮, যাত্রী আটকা ১৮ হাজার
পরবর্তী নিবন্ধজ্বলছে ফ্রান্স, বিক্ষোভ থেকে দাঙ্গা লুটপাট আগুন