জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল পাস করেছে জাতীয় সংসদ। বিরোধী দল জামায়াতে ইসলামীর ওয়াকআউটের পর রোববার প্রথমে ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’ এবং পরে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ কণ্ঠভোটে পাস হয়। খবর বিডিনিউজের।
দুটি বিলের পাসের প্রক্রিয়ায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে এর আগে সংসদ থেকে বেরিয়ে যায় বিরোধী দল। জাতীয় মানবাধিকার কমিশন বিল বিবেচনার আগে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে করা অধ্যাদেশ বাতিলের সময় সরকার আরও শক্তিশালী আইন আনার কথা বলেছিল। কিন্তু নতুন মানবাধিকার কমিশন বিলে সাধারণ নাগরিক ও শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে ‘দ্বৈত প্রয়োগ’ রাখা হয়েছে। ‘আমরা এ আইনের আলোচনায় অংশগ্রহণ করছি না এবং আমরা এখন ওয়াকআউট করছি। মাননীয় স্পিকার, সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।’ এর জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আপনাকে ওয়াকআউট করার জন্য ধন্যবাদ।’ এরপর বিরোধী দলের সদস্যরা সংসদ কক্ষ থেকে বেরিয়ে যান।










