আলোচিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য জীবন ঘিরে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে শোবিজে। বিভিন্ন সংবাদমাধ্যমে তাদের আলাদা থাকা ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে খবর প্রকাশিত হয়েছে। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন ফারুকী। খবর বাংলানিউজের। নির্মাতা সংসার ভাঙনের গুঞ্জনকে উড়ো খবর বলে উড়িয়ে দিয়েছেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন দুজনের নতুন কাজের খবর। সংসার ভাঙনের খবর প্রসঙ্গে ফারুকী বলেন, আমাকে নিয়ে তো নানা প্রোপাগান্ডা, মিথ্যা নিউজ প্রচার শুরু হয়েছে আরও আগে থেকে। এর চেয়ে বরং নতুন কাজ করছি, আসুন নতুন কাজ নিয়ে কথা বলি। কাজের বিষয়ে নির্মাতা জানান, গেল ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়া গিয়েছিলেন বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণে। সেখানে ফিল্ম নিয়ে বক্তব্য দিয়েছেন। বুসানে যাওয়ার আগেই একটি বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ করেছেন। ১৭ অক্টোবর বুসান থেকে দেশে ফিরে শুরু করেছেন নতুন বিজ্ঞাপনের কাজ। ইতোমধ্যেই একটি সিনেমার গল্প লেখা শেষ করে হাত দিয়েছেন নতুন সিনেমার গল্পে। নতুন বিজ্ঞাপন নির্মাণ প্রসঙ্গে ফারুকী বলেন, এই মুহূর্তে তিনটা বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত। একটা স্বাস্থ্যসেবার, বাকি দুটি বিল্ডিং ম্যাটেরিয়ালের। একটার শুটিং শেষ। সমপ্রতি ‘ফুলস্ক্রিন’ নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়েছেন তিনি। গত ২৮ সেপ্টেম্বর এই নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে আরশ খান ও প্রিয়ন্তী উর্বি অভিনীত নাটক। স্ত্রী তিশার ব্যাপারে ফারুকী জানান, নতুন একটি আন্তর্জাতিক সিনেমায় অভিনয়ের বিষয়ে আলাপ চলছে তার। তবে সিনেমাটি নিয়ে এখনই বিস্তারিত জানাতে চাননি, সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি।












