বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা

| বুধবার , ২৮ অক্টোবর, ২০২৬ at ৭:০৪ পূর্বাহ্ণ

কোনো গণতান্ত্রিক সরকার কখনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করতে পারে না উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান গণতান্ত্রিক সরকার এ ধরনের বেআইনি পথ বেছে নেওয়াকে সমর্থন করে না। একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই কেবল সাজা বা আইনি ব্যবস্থা নিশ্চিত করে, কোনো বেআইনি হত্যাকাণ্ডের মাধ্যমে নয়।

গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।

তথ্য উপদেষ্টা বলেন, একটি সরকার যদি বিচারবহির্ভূতভাবে মানুষকে হত্যা করে, তবে রাষ্ট্র আর রাষ্ট্র থাকে না, মাস্তানে পরিণত হয়। অতীতে যারা এসব কাজের সাথে যুক্ত ছিল, রাষ্ট্রকে তারা মাস্তানে পরিণত করেছিল। বর্তমান সরকারের রাতের আঁধারে নির্বাচন করে ক্ষমতা ধরে রাখার কুমতলব নেই। তাই সরকার এমন কিছু করবে না যাতে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। প্রজাতন্ত্রের কর্মচারীদের উদ্দেশে তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেন, কাগজে–কলমে আদেশ হলেও কোনো বেআইনি নির্দেশ পালন করতে তারা বাধ্য নন।

পুলিশ প্রধানের (আইজিপি) বক্তব্য নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, আইজিপি তার বক্তব্য সম্পর্কে পুলিশ সদর দপ্তরের মাধ্যমে ব্যাখ্যা দিয়ে ভুল বোঝাবুঝি দূর করেছেন। এই ইস্যুতে সরকারের পরবর্তী সিদ্ধান্ত প্রধানমন্ত্রী বিদেশ সফর থেকে ফেরার পর তিনি নিজে বিবেচনা করবেন।

সিপিবির অফিসে হামলার ব্যাপারে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সিপিবির অফিস হোক বা হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িতে হামলা হোক, প্রত্যেকটা ক্ষেত্রে সরকার ব্যবস্থা নিচ্ছে। যখন ব্যবস্থা নিতে থাকে সরকার, তখন যেটা দাঁড়ায়, এই ধরনের অপরাধ প্রবণতা কমে, এটাই হচ্ছে মূল বিষয়।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে দাফনে বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, মুক্তিযোদ্ধার বিষয়টা… আমাদের সামনে যে তথ্য সামনে আসলো, সেটা খুবই আসলে দুঃখজনক যে পলিটিকাল পার্টি এটার সাথে ইনভলভ হয়ে এই কাজগুলো করেছে। আমি নিশ্চিতভাবেই বলতে পারি এটার কনসেকুয়েন্স তারা ফিল করবে। কারণ আমি দেখেছি, আমি জানি, আমি বুঝি– এটা আসলে কেউ সঠিকভাবে নেয়নি। কারণ এই প্রবণতা যখন আগেও হয়েছে, এই প্রবণতা কিন্তু আগেও হয়েছে উল্টো দিক থেকে। সেটাও আসলে তখন ধরুন– যখন কিছু মানুষের বিচার হলো, তারপর তাদের ডেড বডি এবং কবরের উপর এই ধরনের আচরণ করা হয়েছিল; তখন যারা এই বিচারগুলোর পক্ষেও ছিলেন– কিন্তু ডেড বডির উপরে, ডেড বডির সাথে এই আচরণগুলো আসলে কেউ পছন্দ করেননি।

পূর্ববর্তী নিবন্ধদুই বছরের জন্য আইনজীবীর সদস্যপদ স্থগিত
পরবর্তী নিবন্ধকুরিয়ার সার্ভিস থেকে জোর করে কার্টনভর্তি পার্সেল নিয়ে যাওয়ার চেষ্টা, কনস্টেবল গ্রেপ্তার