বিএনপি টিকে আছে, কারণ এর মূল শক্তি হলো সাধারণ জনগণ

নগরীতে এলডিপি থেকে বিএনপিতে যোগদানের অনুষ্ঠানে মেয়র

| শুক্রবার , ৯ জানুয়ারি, ২০২৬ at ৫:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শহীদ জিয়ার আদর্শের দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপিতে যোগদান করায় আপনাদের স্বাগতম। বিএনপি বাংলাদেশের ১৭ কোটি মানুষের দল এবং এ দেশের বৃহত্তম রাজনৈতিক শক্তি। বিএনপিকে ভাঙার জন্য দমন পীড়ন, নিপীড়ন নির্যাতনের এমন কোনো পন্থা নেই যা আওয়ামী লীগ প্রয়োগ করেনি। তবুও বিএনপি টিকে আছে, কারণ এই দলের মূল শক্তি সাধারণ জনগণ।

গতকাল বুধবার সন্ধ্যায় নগরীর কাজীর দেউড়ি ভিআইপি টাওয়ারের ভিআইপি ব্যাংকুইট হলে এলডিপি থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর বিএনপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন চৌধুরীর পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

ডা. শাহাদাত শহীদ জিয়ার অবদানের কথা তুলে ধরে বলেন, তিনি চন্দনাইশ, সাতকানিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। কারণ তিনি উপলব্ধি করেছিলেন, অর্থনীতির চাকা সচল রাখতে হলে কৃষি বিপ্লব অপরিহার্য। তার নেতৃত্বেই দেশে কৃষি বিপ্লব সংঘটিত হয়, গার্মেন্টস খাত শক্ত ভিত্তি পায় এবং প্রবাসে শ্রমশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স আয়ের মজবুত ভিত তৈরি হয়, যা আজ জিডিপিতে সর্বোচ্চ অবদান রাখছে। মেয়র বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের শিক্ষা প্রসারে যে অবদান রেখেছেন, তা বাংলাদেশের ইতিহাসে অনন্য। অবৈতনিক শিক্ষা থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা বিস্তারে তার উদ্যোগ আজও স্মরণীয়। দেশপ্রেম, সততা ও মানুষের প্রতি ভালোবাসাই একজন প্রকৃত নেতার প্রধান গুণ। দেশপ্রেম না থাকলে দেশ পরিচালনা সম্ভব নয়, আর সততা ছাড়া উন্নয়নও টেকসই হয় না।

আসন্ন নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা একমাত্র বিএনপির রয়েছে। দেশ শাসন করা আর দল পরিচালনা করা এক নয়, দেশ পরিচালনার জন্য যে অভিজ্ঞতা, সহনশীলতা ও ঐক্য প্রয়োজন, তা বিএনপির আছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

শেষে নবাগত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা এমন একটি দলে এসেছেন যেখানে মমত্ববোধ, মানবতা, সৌহার্দ্য, ঐক্য ও সহনশীলতা রয়েছে। বিএনপির দরজা আপনাদের জন্য সবসময় খোলা থাকবে। এতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক শাহেদ বক্স, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, বিএনপি নেতা জাকির হোসেন, এস এম আবু, শাহাবুদ্দিন রাশেদ, জাকির হোসেন, কামরুল ইসলাম, কে এম আব্বাস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউন্নয়ন, জবাবদিহিতা ও তরুণ নেতৃত্ব নিয়ে নাগরিক সংলাপ
পরবর্তী নিবন্ধপল্লী মাটির মিলিত শোক ও স্মৃতি