আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্তের বাইরে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা তফসিলে ঘোষিত সময়সীমার মধ্যেই প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন বলে আশা করছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তা না হলে বিএনপির সব বিদ্রোহীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে, বলেছেন তিনি। গতকাল শুক্রবার বিকালে শেরেবাংলা নগরে দলের চেয়ারপারসন খালেদা জিয়া স্মরণে চিত্র প্রদর্শনী শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম এ কথা বলেন। খবর বিডিনিউজের।
নজরুল ইসলাম বলেন, দলের মধ্যে, দলের সিদ্ধান্তের বাইরে যারা প্রার্থী হয়েছেন, সেটা দল দেখছে। আমাদের মতো এত বড় দলে যোগ্য প্রার্থী প্রচুর। সেখানে অনেকেই দলের সিদ্ধান্ত, মনে করেছে আর কি, তাকে যদি মনোনীত করা হত, তাহলে আরো ভালো হত। তারা সেজন্য চেষ্টা করছেন। প্রত্যাহারের সময় শেষ হয় নাই। আমরা আহ্বান জানিয়েছি তাদেরকে যে দলের সিদ্ধান্তের প্রতি যেন তারা শ্রদ্ধাশীল হয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। আমরা আশা করছি, যে তারা প্রত্যাহার করবেন। অনেকেই ইতোমধ্যে প্রত্যাহার করার কথা জানিয়েছেন আমাদেরকে। তো সেজন্য আমি মনে করি আর কি যে প্রত্যাহার করার সময়ের মধ্যেই এই পরিস্থিতির অনেক উন্নতি হয়ে যাবে। নইলে দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে, বলেন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের এই সদস্য।
ঢাকায় অবস্থানরত বিভিন্ন গণমাধ্যম এবং সাংস্কৃতিক অঙ্গনে কর্মরত বগুড়াবাসীদের নিয়ে গঠিত ‘বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি (বিএমসিএস)’ উদ্যোগে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার জীবনকর্মের ওপর আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি প্রদর্শনী স্থল ঘুরে ঘুরে দেখেন। এই সময়ে বিএমসিএসের সভাপতি মারুফা রহমান, সাধারণ সম্পাদক সুজন মাহমুদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।












