নগরীর বায়েজিদ বোস্তামীতে জমি বিক্রির কথা বলে এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে নগ্ন ছবি ও ভিডিও ধারণ এবং সেগুলো ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় রবিউল হাসান ওরফে মিন্টু ও নিশান বড়ুয়া নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার নিশান বড়ুয়াকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মামলার পরদিন রবিউল হাসানকে গ্রেপ্তার করা হয়। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাটহাজারী সড়কের ঝাড়ুয়ার দিঘীরপাড়ে চাঁদনী সিনেমা হলের মোড় এলাকায় ওয়ালটন শোরুমের পাশে সুলাইমান কোম্পানির একটি দোতলা ভবনে ব্যবসায়ী গাজী মোহাম্মদ আইয়ুব খানকে (৬৬) ডেকে নেওয়া হয়। জমি বিক্রির কথা বলে পূর্বপরিচিত কয়েকজন তাকে সেখানে নিয়ে যান।
এজাহারে বলা হয়, ভবনটির নিচতলার একটি কক্ষে তাকে আটকে রেখে মারধর করা হয় এবং জোরপূর্বক নগ্ন ছবি ও ভিডিও ধারণ করা হয়। এ সময় তার বিকাশ অ্যাকাউন্টে থাকা ৭০ হাজার টাকা ও নগদ এক লাখ টাকা নিয়ে নেওয়া হয়। লোকলজ্জার ভয়ে প্রথমে বিষয়টি গোপন রাখলেও পরে পরিবারের সঙ্গে আলোচনা করে ১২ অক্টোবর বায়েজিদ বোস্তামী থানায় মামলা করেন ওই ব্যবসায়ী। মামলায় শহিদুল ইসলাম সাহেল ওরফে সাহেদ, রবিউল হাসান ওরফে মিন্টুসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।












