পারিবারিক কলহের জেরে বাবা নগরীর বাকলিয়া চাক্তাই এলাকার বাসা থেকে গত বৃহস্পতিবার রাতে রাগ করে বের হয়ে যান। এরপর বাবার পিছু নেয় ৫ বছরের কন্যা ফাতেমা। কিছু দূর যাওয়ার পর বাবাকে হারিয়ে ফেলে শিশুটি। এরপর বাসার পথ ভুলে সতীশ বাবু লেনে অঝোর বৃষ্টির মধ্যে কাঁদতে থাকে সে।
বিষয়টি দেখতে পেয়ে এক পথচারী ফাতেমাকে উদ্ধার করে কোতোয়ালী থানায় নিয়ে যান। পরে কোতোয়ালী থানা পুলিশ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পেজে শিশুটির ছবি দিয়ে তার সন্ধান চেয়ে বিজ্ঞপ্তি দেয়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ফাতেমার পরিবার কোতোয়ালী থানায় যোগাযোগ করে। পরে তারা থানায় এসে মেয়েকে নিয়ে বাসায় ফিরে যান।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, থানায় আনার সময় শিশুটির চোখ ও নাক দিয়ে পানি ঝরছিল। বৃষ্টিতে ভিজে শরীর কাঁপছিল তার। সঙ্গে সঙ্গে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ভেজা কাপড় বদলে শুকনা পোশাকও পরিয়ে দেওয়া হয়। তিনি বলেন, শিশুটিকে জিজ্ঞাসা করলে সে শুধু মা–বাবার নাম বলতে পারছিল। কিন্তু বাসার ঠিকানা কিংবা আশপাশের কোনো পরিচিত স্থানের নাম বলতে পারেনি। বারবার শুধু বলছিল, ‘আমার বাবাকে খুঁজে দিন।’
ওসি বলেন, পরে সম্ভাব্য সব জায়গায় খবর পাঠানো হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির ছবি দিয়ে সন্ধান চাওয়া হয়। এরপর ফাতেমার বাবা–মা থানায় এসে তাদের মেয়েকে নিয়ে যান।












