বাদীসহ ৯ জনের সাক্ষ্য

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১১ জুন, ২০২৬ at ৫:৫৬ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকায় আলোচিত চার বছরের শিশু ধর্ষণের মামলায় বাদী, ভুক্তভোগী শিশুসহ ৯ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীর তালিকায় ছিলেন ভুক্তভোগী শিশুর নানা, নানি, খালা ও সংশ্লিষ্ট একটি কলোনির কেয়ারটেকারও।

গতকাল চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালত তাদের সাক্ষ্য রেকর্ড করেন। শিশু ধর্ষণের এ মামলার মোট সাক্ষী সংখ্যা ২২ জন। এরমধ্যে গতকালই ৯ জন সাক্ষীকে হাজির করে সাক্ষ্য সম্পন্ন করতে সক্ষম হয়েছে রাষ্ট্রপক্ষ। বাকী থাকে ১৩ জন। এরমধ্যে ভুক্তভোগী শিশুর মা, আসামির ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডকারী ম্যাজিস্ট্রেট, তদন্তকারী কর্মকর্তা রয়েছেন।

আজ বৃহস্পতিবার তারাসহ বাকী সাক্ষীদের সাক্ষ্য সম্পন্ন করার চেষ্টা থাকবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদউল আলম চৌধুরী (মারুফ)। তিনি বলেন, বাকী সাক্ষীদের প্রত্যেকের বিরুদ্ধে প্রসেস ইস্যু করা হয়েছে। আগামীকালই (আজ) সাক্ষ্যগ্রহণ সমাপ্ত করার চেষ্টা থাকবে আমাদের পক্ষ থেকে। সেটি সম্ভব না হলে রোববার আশা করছি, সাক্ষ্য সমাপ্ত হয়ে যাবে। এরপর দ্রুত যুক্তিতর্ক সমাপ্তের মাধ্যমে মামলাটি রায়ের পর্যায়ে চলে যাবে। এর আগে গত সোমবার একই আদালত পুলিশের দাখিল করা চার্জশিট গ্রহণ করেছিলেন। পরদিন তথা গত মঙ্গলবার চার্জগঠনের মাধ্যমে মামলার একমাত্র আসামি মনির হোসেনের বিচার শুরুর আদেশ হয়। তারও আগে গত ৪ জুন ঘটনার ১৩ দিন পর ৭ কার্যদিসের দিন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসিতে থাকা নগর পুলিশের প্রসিকিউশন শাখায় মনির হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) তানভীর আহমেদ।

গত ২১ মে নগরীর বাকলিয়া থানাধীন চেয়ারম্যানঘাটা এলাকায় চার বছরের শিশু ধর্ষণের ঘটনাটি ঘটে। সেদিন বিকালে অভিযুক্ত মনির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। শিশু ধর্ষণের ঘটনায় ভিকটিম শিশুর বাবা বাদী হয়ে অভিযুক্ত মনির হোসেনের বিরুদ্ধে বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধপুরুষেরা খাদ্যনালি ও পাকস্থলী, নারীরা বেশি আক্রান্ত স্তন ক্যান্সারে
পরবর্তী নিবন্ধশপথ নিতে পারবেন আসলাম? ২ অ্যামিকাস কিউরির মত নেবে আদালত