নগরীর এনায়েত বাজার বাটালী রোড এলাকায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রী হোসনে আরা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত–১১ এর বিচারক এই রায় ঘোষণা করেন। এ সময় আসামি কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন।
আদালতসূত্র জানায়, ২০০৯ সালের ৯ মে রাত ১টার দিকে এনায়েত বাজার বাটালী রোডের জাফর সওদাগরের কলোনিতে ভাড়া বাসায় হেলাল উদ্দিনের সঙ্গে তার স্ত্রী হোসনে আরা বেগমের ঝগড়া হয়। একপর্যায়ে হোসনে আরা বেগম স্বামীর মাথায় অস্ত্র দিয়ে আঘাত করেন। এ ঘটনায় কোতোয়ালী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. সাহাবুদ্দিন খান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে চার্জশিট দাখিল হলে ২০১০ সালের ১৪ মার্চ চার্জগঠনের মাধ্যমে হোসনে আরা বেগমের বিরুদ্ধে বিচার শুরু হয়।












