বাকলিয়া এক্সেস রোডের নাম ‘শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ এঙেস রোড’ নামকরণ করার দাবিতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দীনের নেতৃত্বে আইনজীবীদের একটি প্রতিনিধি দল গতকাল সিডিএ চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি হস্তান্তর করেন। স্মারকলিপি প্রদানকালে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বলেন, সাইফুল ইসলাম আলিফ ছিলেন একজন নিষ্ঠাবান, দায়িত্বশীল ও মানবিক আইনজীবী। আইনের শাসন, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে তিনি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ফ্যাসিষ্টের পতন ঘটিয়ে জুলাই যুদ্ধে সম্মুখে থেকে লড়াই করে গেছেন। পাশাপাশি দেশ ও জনগণের অধিকার রক্ষা, গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে তিনি ছিলেন একজন সক্রিয় ও সাহসী যোদ্ধা। বিগত ফ্যাসিবাদী সরকারের দমন–পীড়ন ও রক্তচক্ষু উপেক্ষা করে তিনি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তাঁর স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ তুলে ধরতে বাকলিয়া এক্সেস রোডটি তাঁর নামে নামকরণ করা সময়ের দাবি। সিডিএ চেয়ারম্যান প্রতিনিধি দলের বক্তব্য শোনেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান, অ্যাডভোকেট জালাল উদ্দিন পারভেজ এবং অ্যাডভোকেট সাদিয়া খান সহ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












