চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ টি–২০ ক্রিকেট লিগে গতকাল শুক্রবারের খেলায় বাকলিয়া অগ্রসর বয়েজ ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়ন জয়লাভ করেছে। সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় বাকলিয়া অগ্রসর বয়েজ ক্লাব ৫ উইকেটে রাইয়ান স্পোর্টসকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করে রাইয়ান স্পোর্টস ১৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১১৫ রান করে। জবাবে বাকলিয়া অগ্রসর বয়েজ ক্লাব ১৮.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৮ রান তুলে নেয়। ম্যাচসেরা বিজয়ী দলের সাজ্জাদের হাতে বাকলিয়া অগ্রসর ক্লাবের কর্ণধার লাবিব আহমেদ ও গেম চেঞ্জার অব ম্যাচ নাজমুল বিন কবিরের হাতে রাইয়ান ক্লাবের কর্ণধার রনি চৌধুরী পুরস্কার তুলে দেন। দিনের দ্বিতীয় খেলায় ব্রাদার্স ইউনিয়ন ৫৪ রানে আম্বিয়া স্পোর্টসের বিরুদ্ধে জয়লাভ করে। টসে হেরে ব্রাদার্স ইউনিয়ন প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে। জবাবে আম্বিয়া স্পোর্টস ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান করতে সমর্থ হয়। ম্যাচসেরা বিজয়ী দলের ইফতেখার সাজ্জাদ রনির হাতে আহসান হাবিব ও গেম চেঞ্জার অব ম্যাচ হৃদয়ের হাতে মির্জা শাহরিয়ার জামি পুরস্কার তুলে দেন।











