বাংলাদেশসহ ১৪ দেশ ও অঞ্চলের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের

বাংলাদেশি পণ্যে নতুন করে ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব

| বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২৬ at ৭:১৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ, ভারত, চীন ও ইউরোপীয় ইউনিয়নসহ ১৪ দেশ ও অঞ্চলের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনার কথা বলা হয়েছে চীনের ওপর। ভিয়েতনামের ওপর দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ শতাংশ এবং বাংলাদেশের ওপর ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। অন্যান্য দেশ ও অঞ্চলের ওপর ২০ থেকে ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। গতকাল বুধবার এক প্রতিবেদনে বিবিসি লিখেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যনীতির অংশ হিসেবে নতুন করে একগুচ্ছ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের করা আমদানি পণ্যের ওপর এই শুল্কারোপ করা হয়েছে, যা দেশটির বড় বাণিজ্যিক অংশীদারদের ওপর প্রভাব ফেলবে। খবর বিডিনিউজের।

গত মার্চে হোয়াইট হাউজ অন্যান্য দেশের বাণিজ্যিক কর্মকাণ্ড ও নীতিমালা নিয়ে তদন্ত শুরু করে। এর পরিপ্রেক্ষিতেই নতুন শুল্ক আরোপ করা হল। এর আগে ট্রাম্পের পূর্বঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্ক আরোপ অবৈধ ঘোষণা করে তা আটকে দিয়েছিল দেশটির সুপ্রিম কোর্ট। নতুন করে আরোপ করা শুল্কের হার কিছু দেশের ক্ষেত্রে কমে আসবে। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প কয়েকটি দেশের সঙ্গে শুল্কের সর্বোচ্চ সীমা নির্ধারণে সমঝোতা করেছেন।

নতুন শুল্ক আরোপ করা দেশগুলোর তালিকায় রয়েছে– বাংলাদেশ, ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান ও জাপান।

মার্কিন বাণিজ্য আইনের ‘সেকশন ৩০১’ অনুযায়ী বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক কর্মকাণ্ড তদন্তের মাধ্যমে এই নতুন শুল্কারোপ করা হয়েছে। এই ধারায় তদন্তে মূলত বিদেশি সরকারগুলোর আচরণ ও নীতিমালা পর্যালোচনা করা হয়। দেশগুলোর সঙ্গে নীতি বা কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের ব্যবসাপ্রতিষ্ঠান, শ্রমিক ও ভোক্তাদের স্বার্থের ওপর অন্যায্যভাবে প্রভাব ফেলছে কি না, সেটি তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হয়। প্রেসিডেন্ট ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে বারবার শুল্ক আরোপের হুমকি ও শুল্ক আরোপ করেছেন। তার এই নীতি যুক্তরাষ্ট্রের উৎপাদনশিল্পকে শক্তিশালী করবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে বলে মনে করেন তিনি।

বাংলাদেশি পণ্যে শুল্কের হিসাব কী হবে : যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের ঘোষণার পর সেটি কার্যকর হলে বাংলাদেশের ওপর দেশটির মোট শুল্ক কত হতে পারে সেই হিসাব এখন সামনে এসেছে। রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‌্যাপিড) এর চেয়ারম্যান এম এ রাজ্জাক বলেন, ‘আগেতো পাল্টা শুল্ক বসিয়েছিল, কিন্তু ওটা বাতিল হয়ে গেছিল আদালতের মাধ্যমে। ওটা বাতিলের পরে ১০ বসিয়েছিল একটা। ১৫–১৬ শতাংশ শুল্কতো নরমালি আছে পোশাক খাতে। তার ওপর ১০ শতাংশ আছে। এখন এইটা দেখতে হবে যে এই ১০ শতাংশ অতিরিক্ত আরও বসবে কিনা।’

এ হিসেবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানিতে এটি ৩৫ থেকে ৩৬ শতাংশে গিয়ে দাঁড়াবে। গত জুলাইয়ে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর না করার অভিযোগ এনে বাংলাদেশি পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন। নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তটা পুরোপুরি এলে তখন এটি পরিষ্কার বোঝা যাবে বলে এম এ রাজ্জাকের ভাষ্য। তিনি বলেন, পোশাক খাতের বিভিন্ন পণ্যের একেকরকম শুল্ক ছিল। তবে গড়ে এটি ১৬ শতাংশের মতো।

এ মুহূর্তে বাংলাদেশের করণীয় প্রশ্নে কমনওয়েলথ সচিবালয়ের আন্তর্জাতিক বাণিজ্য নীতির সাবেক প্রধান রাজ্জাক বলেন, ‘এটি আসলে ট্যাকেল করা আমাদের একার ক্ষমতার বাইরে। এখানে অনেকগুলা দেশ জড়িত। কাজেই সবগুলো দেশ একসঙ্গে কিছু করতে পারলে তখন কিছু হতে পারে।’ তবে এসব শুল্কারোপকে ‘হুইমজিকাল পলিসি’ বর্ণনা করে অর্থনীতির এই বিশ্লেষক বলেন, ‘এসব অনেক আনসার্টেইনিটি বাড়ায় দেবে। সত্যি সত্যি যদি নতুন ট্যারিফ বসে, তাহলে যেটা হবে, আমেরিকার যে বাজার সে বাজারটা কিন্তু ছোট হয়ে যাবে। এই বাজার ছোট হলে তখন আমাদের জন্য একটা ক্ষতি, যে আমাদের রপ্তানির উপরে যেটা চাপ পড়বে। যেহেতু আমাদের সঙ্গে প্রতিযোগী দেশগুলো আছে, শুল্ক সবার উপরে যেহেতু বসাবে, ফলে আমাদের কম্পিটিটিভনেস কোনো ইস্যু হবে না। এটা মেইনলি হবে আমেরিকার মার্কেট যদি ছোট হয়ে যায় সেটার প্রভাব পড়বে রপ্তানিতে।’ তাছাড়া এসব ট্যারিফ পলিসি ওঠানামা করলে ‘স্থিতিশীলতা নষ্ট হয়’ তুলে ধরে তিনি বলেন, ‘এই ধরনের অনিশ্চয়তা বড় রকমের একটা দুশ্চিন্তার কারণ। এইটা আমাদের ব্যবসা–বাণিজ্য, বিনিয়োগ সবই ক্ষতিগ্রস্ত হবে। তো আমার কাছে মনে হয় যে আগামী বছরে কংগ্রেসের যারা আসবে তখন হয়তো ‘দ্য থিংস উইল বি এ লিটল বিট ডিফারেন্ট’। যদিও প্রেসিডেন্টের (ট্রাম্প) অনেক এঙিকিউটিভ পাওয়ার থাকবে।’

বাংলাদেশি পণ্যে এবার শুল্ক বাড়তে পারে সর্বোচ্চ ৮ শতাংশ : ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন প্রস্তাবিত ১৮ শতাংশ শুল্কের সর্বোচ্চ পরিমাণ কার্যকর হলে বাংলাদেশি পণ্যের ওপর বর্তমানের চেয়ে আরও ৮ শতাংশ শুল্ক বাড়তে পারে। মোট মিলে শুল্ক হতে পারে সাড়ে ৩৩ শতাংশের মতো।

ওয়াশিংটনে দূতাবাসের এক কর্মকর্তা বলেন, এবার বাংলাদেশর জন্য সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব করা হয়েছে। এ নিয়ে বাণিজ্য আইনের ৩০১ ধারা অনুযায়ী দ্বিতীয়বারের মতো শুল্ক আরোপের দিকে গেল যুক্তরাষ্ট্র। জুলাইতে জোরপূর্বক শ্রমের অভিযোগে বাংলাদেশের উপর ১০ শতাংশ শুল্কারোপ করা হয়েছিল এই ধারায়। এবারের শুল্কের প্রস্তাবের ক্ষেত্রে একটি বিশেষ দিক হলো, সেকশন ৩০১ এর আগের শুল্ককে নতুন প্রস্তাবিত শুল্কের হিসাবের মধ্যে নিয়ে আসা হবে, বাড়তি হিসাবে আগেরটার ওপরে যুক্ত হবে না। তার মানে, এই ধারার অধীনে সব মিলিয়ে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক হতে পারে।’

কর্মকর্তারা বলছেন, বর্তমানে বাংলাদেশি পণ্যের ওপর মোস্ট ফেভার্ড নেশন বা এমএফএন হিসাবে সাড়ে ১৫ শতাংশের মতো শুল্ক আরোপ করা আছে। নতুন প্রস্তাবিত ১৮ শতাংশ শুল্ক যদি কার্যকর হয়, তাহলে এ দুটো যোগ হবে। শুল্কের পরিমাণ আগে এখনকার চেয়ে সর্বোচ্চ ৮ শতাংশ বাড়লেও ভিয়েতনাম, ভারত, পাকিস্তানের মতো প্রতিযোগীদের সঙ্গে বাংলাদেশ এগিয়ে থাকবে বলেও মনে করছেন ওয়াশিংটন দূতাবাসের ওই কর্মকর্তা। নতুন ঘোষিত শুল্ক কবে কার্যকর হবে, তা চূড়ান্ত করেনি যুক্তরাষ্ট্র সরকার। এর আগে অংশীজনদের শুনানি এবং দেশগুলোর সঙ্গে দরকষাকষির সুযোগ রেখেছে ট্রাম্প প্রশাসন।

পূর্ববর্তী নিবন্ধসিডিএ ‘শীর্ষ কর্তৃপক্ষ’, চসিক ‘সহযোগী’; উন্নয়ন পরিকল্পনা নিয়ে সমন্বয়হীনতার শঙ্কা
পরবর্তী নিবন্ধপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা