বাঁশখালীর উপকূলীয় গন্ডামারা ইউনিয়নের খাটখালী জেটিঘাট এলাকায় দুইটি ফিশিং বোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বোট দুইটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো মাঝিমাল্লা বা জেলে আহত হয়নি। গতকাল মঙ্গলবার সকালে শেখেরখীল ইউনিয়নের মোহাম্মদ ইসমাইল কোম্পানির আল্লাহর দোয়া ফিশিং বোট ও পৌরসভার আস্করিয়া পাড়ার জসিম উদ্দিনের এসবি আলফা ফিশিং বোটে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত ফিশিং বোট মালিক সূত্রে জানা যায়, চট্টগ্রাম শহর থেকে মাছ বিক্রি করে জেটিঘাট অভিমুখে আসা জসিম কোম্পানির এসবি আলফা ফিশিং বোটের সঙ্গে জেটিঘাট থেকে বঙ্গোপসাগর অভিমুখে যাওয়ার সময় ইসমাইল কোম্পানির আল্লাহর দোয়া ফিশিং বোটের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে উভয় বোটের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও মোহাম্মদ ইসমাইল কোম্পানির বোট বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়ভাবে দুই কোম্পানি বৈঠকের মাধ্যমে সমঝোতার চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।











