বাঁশখালী উপজেলার পুঁইছড়ি প্রেমবাজার থেকে অপহৃত ব্যবসায়ী মো. এহসান প্রকাশ হাসানকে অক্ষত অবস্থায় কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে তাকে উদ্ধার করা হয়। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে বাঁশখালী থানায় আনা হয়।
চট্টগ্রাম জেলা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার টেকনাফ থানার আলীখালি রোহিঙ্গা ক্যাম্প (লেদা ক্যাম্প–২৫) থেকে এহসানকে (৩৬) উদ্ধার করে। এ সময় পুলিশ অপহরণকারী চক্রের মূল হোতা সাবেক সেনা ও র্যাব সদস্য সুমন মুন্সিসহ (৩২) ৬ জনকে ঘটনাস্থল থেকে আটক করে। আটক অন্যরা হলো মিজানুর রহমান (২৯), জয়নাল উদ্দিন (২৮), আব্বাস উদ্দিন (৩১), ছলিম ওরফে সেলিম (৩০) ও দেলোয়ার হোসেন (৪০)। এ ঘটনায় বাঁশখালী থানায় একটি মামলা করা হয়েছে (মামলা নং–২৭)। এদিকে অপহ্নত ব্যবসায়ী হাসানকে থানায় আনা হলে পরিবারের সদস্যসহ শত শত মানুষ তাকে দেখতে ভিড় জমান।
পারিবারিক সূত্রে জানা যায়, অপহরণকারীরা হাসানকে রোহিঙ্গা ক্যাম্পে রেখে নির্যাতন চালানো হয়। এর মধ্যে টাকাসহ নানা দাবি করেছিল তারা।
তথ্যমতে, কালো পোশাকধারী ও মাস্ক পরা ৪ ব্যক্তি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) পরিচয় দিয়ে ১৭ অক্টোবর রাত ৮টা ২৫ মিনিটের দিকে হাতকড়া পরিয়ে পুঁইছড়ি প্রেমবাজারের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আব্দুল্লাহ এন্টারপ্রাইজ থেকে হাসানকে তুলে নিয়ে যায়।
অপহরণের খবর পেয়ে পুলিশ ও আইনশৃক্সখলা বাহিনীর একাধিক দল উদ্ধার অভিযানে নামে।
পারিবারিক ও প্রশাসন সূত্রে জানা যায়, অপহৃত ব্যবসায়ী হাসানের ওপর নির্যাতন চালানো হয়। তিন দিনে এক বেলা খাবার দেওয়া হয়। চোখ–মুখ টেপ দিয়ে আটকে রাখা হয়। এক স্থান থেকে অন্য স্থানে কয়েকবার নিয়ে যাওয়া হয়। তার পরিবারের কাছে ৫০ লক্ষ টাকা দাবি করার অভিযোগ পাওয়া গেছে। তবে প্রশাসনের পদক্ষেপে টাকা ছাড়া উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মো. আবুল কাশেম।
ব্যবসায়ী হাসানের জমজ ভাই মো. হোসাইন উদ্ধারের পর থানার সামনে উপস্থিত মানুষের উদ্দেশে বলেন, প্রশাসনের আন্তরিক সহযোগিতায় আমার ভাইকে অক্ষত অবস্থায় ফিরে পেয়েছি। পুলিশ প্রশাসন যে মানুষের বিপদে এভাবে সহযোগিতায় এগিয়ে আসে তা এ বিপদ না হলে বুঝতাম না।
গতকাল উদ্ধার করা ব্যবসায়ী মো. এহসান প্রকাশ হাসানকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শেষে অপহরণের বিস্তারিত তথ্য জেলা পুলিশ সুপার সাংবাদিকদের জানাবেন বলে নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক।
ব্যবসায়ী হাসানের উদ্ধারের ব্যাপারে বাঁশখালীর সংসদ সদস্য মুহাম্মদ জহিরুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন : ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে এবং সংশ্লিষ্ট সকলের আপ্রাণ চেষ্টায় অপহৃত বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হাসানকে আজ ভোররাত ৩টায় সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।’ ৭২ ঘণ্টার অভিযান শেষে ভিকটিমকে উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হওয়ায় আইনশৃক্সখলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।












