চলমান বৈরী আবহাওয়ায় বন্যাকবলিত দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল-১ ইউনিয়নে গৃহবন্দী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘নিরাপদ সড়ক আন্দোলন’ (নিসআ)।
সংগঠনটির চট্টগ্রাম ও ফেনী জেলা শাখার যৌথ উদ্যোগে দুর্গত এলাকার মানুষের মাঝে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক আন্দোলন চট্টগ্রাম জেলা কমিটির আহ্বায়ক সালমান শামীম ও সদস্য হৃদয় মুহুরি। এছাড়াও ফেনী জেলা শাখা থেকে অংশ নেন জেলা সভাপতি জিয়া উদ্দিন ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সূরাইমসহ বাঁশখালী উপজেলার স্থানীয় সংগঠকবৃন্দ।
ত্রাণ বিতরণ শেষে সংগঠনের নেতারা বলেন, “নিরাপদ সড়ক নিশ্চিত করার সামাজিক প্রতিশ্রুতির পাশাপাশি দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও ক্লান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়াতে নিরাপদ সড়ক আন্দোলন সবসময় মাঠে থাকবে। বন্যাকবলিত মানুষের এই দুর্ভোগে আমাদের এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।”
উপজেলার সরল ইউনিয়নে আকস্মিক বন্যায় তলিয়ে যাওয়া পরিবারগুলোর মাঝে শুকনো খাবার ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ায় স্থানীয় স্তরে সংগঠনটির এই উদ্যোগ প্রশংসিত হয়েছে।












