বন্দর শ্রমিকদের আজকের গণঅনশন কর্মসূচি স্থগিত

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৯ অক্টোবর, ২০২৬ at ১১:২১ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরের কারণে বন্দরের আন্দোলনরত শ্রমিক কর্মচারীরা আজকের আমরণ গণঅনশন কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন। আন্দোলনরত শ্রমিক নেতা মোহাম্মদ ইব্রাহীম খোকন গতরাতে জানান, নিউমুরিং কন্টেনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বহুজাতিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির বিভিন্ন বিষয় নিয়ে গতকাল মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবের সাথে সফল আলোচনা হয়েছে। এতে বন্দরের এনসিটি ও চিটাগাং কন্টেনার টার্মিনালসহ (সিসিটি) বিভিন্ন ক্ষেত্রে কর্মরত শ্রমিক–কর্মচারীদের চাকরির নিশ্চয়তা, বন্দরের কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণ এবং শূন্য পদে নিয়োগের বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারে ইতিবাচক আলোচনা হয়েছে।

এছাড়া আগামীকাল ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম সফর করবেন। এমন রাষ্ট্রীয় কর্মসূচি থাকায় আজকের অনশন কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমতাবস্থায় আজ চট্টগ্রাম বন্দরের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের সামনে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে আহুত আমরণ গণঅনশন কর্মসূচি স্থগিত করা হয় বলেও মোহাম্মদ ইব্রাহীম খোকন জানান।

পূর্ববর্তী নিবন্ধআলীকদমে ভাল্লুক হত্যার ভিডিও ভাইরাল, ক্ষুব্ধ পরিবেশবাদীরা
পরবর্তী নিবন্ধআনোয়ারায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ