চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের চার্লি অ্যাংকারেজে বৈশাখী ঝড়ের কবলে পড়ে বালিবোঝাই একটি বাল্কহেড ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। ওই নৌযানে পাঁচজন মাঝিমাল্লা ছিলেন। খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা তাদের জীবিত উদ্ধার করেন।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। বৈশাখী ঝড়ের কবলে পড়ার কারণেই বালিবোঝাই ওই নৌযানটি ডুবে যায়। এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, বন্দরের চার্লি অ্যাংকারেজে বাল্কহেডটি ডুবে গেছে। সেখানে থাকা পাঁচজন মাঝিমাল্লাকে জীবিত উদ্ধার করা হয়েছে। ফের যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য ওই জায়গাটি চিহ্নিত করে দেয়া হয়েছে।









