বডি ক্যামেরা চালু রেখেই বাকলিয়া পুলিশের অভিযান

৩৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

| রবিবার , ১২ জুলাই, ২০২৬ at ১১:৪১ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানার বিশেষ অভিযানে ৩৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযান চলাকালে পুলিশ সদস্যদের শরীরে থাকা বডি ক্যামেরা চালু রেখে পুরো কার্যক্রম রেকর্ড করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১২ জুলাই) ভোর ৪টা ২৫ মিনিটে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবিরের সার্বিক তত্ত্বাবধানে এসআই মোবারক হোসেনের নেতৃত্বে একটি দল নতুন ব্রিজ শহীদ বশীরুজ্জামান গোলচত্বর এলাকায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে।

অভিযানে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা সাইফুল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ৩৩ হাজার ৮০০ পিস ইয়াবা, একটি বালিশ এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশের দাবি, হেডকোয়ার্টারের নির্দেশনা অনুযায়ী অভিযান চলাকালে সদস্যদের শরীরে থাকা বডি ক্যামেরা চালু রাখা হয়, যাতে পুরো অভিযান ভিডিওতে ধারণ হয় এবং স্বচ্ছতা নিশ্চিত করা যায়।

পুলিশ আরও জানায়, সাইফুল অভিনব কৌশলে দুই ভাগে ইয়াবার চালান পাচারের চেষ্টা করছিলেন। ইম্পেরিয়াল পরিবহনের বাসের চালক, সুপারভাইজার ও যাত্রীদের উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজের হেফাজতে থাকা ইয়াবার পরিমাণ এবং তা বহনের বিষয়টি স্বীকার করেন বলে দাবি করেছে পুলিশ।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআবাসিক হলে মাদক পাওয়ায় চুয়েটের ৮ শিক্ষার্থী বহিষ্কার