বিদ্যুৎকেন্দ্র ও শিল্পে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম লিটারে ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সরবরাহ করা প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম পড়বে ১০৮ টাকা ৭৮ পয়সা।
গতকাল বুধবার বিইআরসির এক আদেশে নতুন দাম ঘোষণা করা হয়। এই দর এদিন রাত ১২টা থেকে পরবর্তী আদেশ না নেওয়া পর্যন্ত বহাল থাকবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), সরকারি ও বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, শিল্পকারখানা ও অন্যান্য গ্রাহকের জন্য নতুন দর প্রযোজ্য হবে। খবর বিডিনিউজের। এর আগে গত ৬ সেপ্টেম্বর ফার্নেস অয়েলের দাম লিটারে ৯৬ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করে বিইআরসি। সে হিসাবে আগের দর থেকে এবার দাম বেড়েছে ১১ টাকা ৯২ পয়সা। বিইআরসির আদেশে বলা হয়েছে, ২৯ অগাস্ট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রকাশিত ফার্নেস অয়েলের প্ল্যাটস রেটের গড়, সেপ্টেম্বরে আমদানি করা অপরিশোধিত তেলের সিআইএফ মূল্য এবং মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।











