ফার্নেস অয়েলের দাম লিটারে কমল ৮ টাকা ৭১ পয়সা

আগের দুই মাসের মত আগস্টেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

| শুক্রবার , ৩১ জুলাই, ২০২৬ at ১০:০৮ পূর্বাহ্ণ

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম লিটারে ৮ টাকা ৭১ পয়সা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গতকাল বৃহস্পতিবার জারি করা এক আদেশে বিইআরসি বলেছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ১০০ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম বৃহস্পতিবার মধ্যরাত থেকে কার্যকর হয়। বর্তমানে প্রতি লিটার ফার্নেস অয়েল ১০৯ টাকা ১০ পয়সায় বিক্রি হচ্ছে। এদিকে আগের দুই মাসের মত আগস্টেও জ্বালানি তেলের দাম বদলাচ্ছে না সরকার। আগামী মাসেও ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল এখনকার দরে বিক্রি হবে। জুন থেকে ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা, অকটেন ১৪৫, পেট্রোল ১৪০ এবং কেরোসিন ১৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। গতকাল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানকে চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ। খবর বিডিনিউজের।

বিইআরসি বলছে, দাম সমন্বয়ের ক্ষেত্রে ৩০ জুন থেকে ২৮ জুলাই পর্যন্ত আমদানি করা পরিশোধিত ফার্নেস অয়েলের প্ল্যাটস রেট, জুলাই মাসের অপরিশোধিত তেলের এফওবি মূল্য এবং মার্কিন ডলারের বিনিময় হারের পরিবর্তন বিবেচনায় নেওয়া হয়েছে।

এর আগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও চারটি তেল বিপণন কোম্পানির প্রস্তাবের ওপর গণশুনানি শেষে গত ২২ ফেব্রুয়ারি ফার্নেস অয়েলের দাম, বিপিসির মজুত ও সরবরাহ চার্জ, বিপণন কোম্পানির চার্জ এবং পরিবহন ভাড়া পুননির্ধারণ করে কমিশন। ওই আদেশে তিন মাস পরপর বা প্রয়োজন অনুযায়ী ফার্নেস অয়েলের দাম সমন্বয়ের সুযোগ রাখা হয়।

এর আগে ৩০ জুন ফার্নেস অয়েলের দাম লিটারে ৪ টাকা ৪৪ পয়সা কমিয়ে ১০৯ টাকা ১০ পয়সা নির্ধারণ করা হয়েছিল। ওই দাম ১ জুলাই থেকে কার্যকর হয়। তার আগে এক দফায় ফার্নেস অয়েলের দাম লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়ানো হয়। বিদ্যুৎ উৎপাদনে ফার্নেস অয়েল অন্যতম জ্বালানি। এর দাম কমায় ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন ব্যয় কমতে পারে।

আগস্টেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম : আগের দুই মাসের মত আগস্টেও জ্বালানি তেলের দাম বদলাচ্ছে না সরকার। আগামী মাসেও ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল এখনকার দরে বিক্রি হবে। জুন থেকে ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা, অকটেন ১৪৫, পেট্রোল ১৪০ এবং কেরোসিন ১৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানকে চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ।

পূর্ববর্তী নিবন্ধএক্সিম দিয়ে শুরু হল ৫ ব্যাংকের প্রশাসক সরানোর উদ্যোগ
পরবর্তী নিবন্ধনবম পে স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিকতা এখন শেষ পর্যায়ে