ফাগুন আসে কোকিল ডাকে
মুহুর্মুহু কুহু,
সে আসে না এই বেদনায়
হৃদয় কাঁদে উঁহু!
এক ফাগুনে তাহার সাথে
চলতে পথে দেখা,
হয়নি পড়া অতল চোখে
কী যে ছিলো লেখা।
প্রকৃতিও সেজে ছিল
পলাশ শিমুল রঙে,
ফুল পাখিও মেখেছিল
তারই আবির অঙ্গে।
কোথায় গেলো পথ হারালো
ফিরে পেলাম নাতো,
এক জনমে ভরেনি মন
শুকায়নি সে ঘাতও।
আবার এলো ফাগুন ফিরে
নয়ন খুঁজে তারে,
মন বুঝে না, কোথায় পাবে
যে রয় অস্তপারে!





