ফটিকছড়িতে ব্যাটারি রিকশার ধাক্কায় বাইক আরোহী নিহত

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ১৮ অক্টোবর, ২০২৬ at ১০:২৪ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে উল্টো পথে আসা দ্রুতগতির একটি ব্যাটারি রিকশার ধাক্কায় মো. সজীব (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এতে মোটরসাইকেল চালক মোহাম্মদ রায়হান গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার আজাদী বাজারসংলগ্ন হেয়াকো–গহিরা সড়কে এ ঘটনা ঘটে। নিহত সজীব ফটিকছড়ি উপজেলার রোসাংগিরী ইউনিয়নের মনু বাড়ির মোহাম্মদ রফিকের ছেলে।

স্থানীয় সাংবাদিক মো. নাজিম উদ্দিন জানান, আজাদী বাজারে একটি সংবাদ সম্মেলন শেষে তারা দুটি মোটরসাইকেলে করে ফিরছিলেন। রায়হানের মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন সজীব। পথে আজাদী বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ব্যাটারি রিকশা তাদের মোটরসাইকেলটিকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই সজীবের মৃত্যু হয়। গুরুতর আহত হন সাংবাদিক রায়হান।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ সূত্রে জানা গেছে, সজীবের মাথায় গুরুতর আঘাত লেগেছিল। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। অন্যদিকে, আহত মোহাম্মদ রায়হানকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসমকালের দর্পণ
পরবর্তী নিবন্ধঅধিক মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি, দুটি প্রতিষ্ঠানকে জরিমানা