হে আমার প্রিয় বর্ণমালা, এই স্বদেশ জুড়ে আমি
তোমায় এঁকেছি ঝরঝরে নক্সীকাঁথার মতো।
আমার সমগ্র অস্তিমজ্জা জুড়ে কেবল
তোমারই ধ্বনি প্রতিধ্বনি আর সর্বদা
জলতরঙ্গের মতো রক্তের প্রতিটি কনিকায়
বেজে চলেছে তোমারই উচ্চারণ প্রিয় বর্ণমালা।
তোমায় গেঁথেছি আমার চিন্তায় মননে
আরও গভীরে, যেখানে থাকে বোধের স্পন্দন
সেখানে সাজিয়েছি পরম যত্নে আর ভালোবাসায়।
আমার প্রথম উচ্চারিত শব্দ হয়ে
আমায় ভুবনজুড়ে বেঁধেছো অদৃশ্য বন্ধনে
মায়াময় এক স্বাপ্নিক নিরেট মমতায়।
আমার শব্দমালা তুমি অমর হও, জেগে থাকো
আমার চৈতন্যে, আমার হাড়পাঁজরে গাঁথা
শহীদ বেদীতে ফাগুনবেলার অশোকের রঙে।







