প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ‘যেখানে যুক্তির ভাবনা মেশে সাগরের ঢেউয়ে, পাহাড়ের উচ্চতায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্বোধন করা হয়েছে দ্বাদশ পিইউডিএস জাতীয় বিতর্ক উৎসব। গতকাল বৃহস্পতিবার প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (পিইউডিএস) আয়োজিত ৩ দিনব্যাপী এই জাতীয় বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির এবং প্রক্টর ব মোহাম্মদ সোলাইমান চৌধুরী। সভাপতিত্ব করেন পিইউডিএসের চিফ মডারেটর জুলিয়া পারভীন। উপস্থিত ছিলেন মডারেটর সঞ্জয় বিশ্বাস, হিল্লোল সাহা, সাইফুদ্দিন মুন্না এবং নিলুফার সুলতানা। স্বাগত বক্তব্য রাখেন পিইউডিএস সভাপতি ফজল আল মাহমুদ অয়ন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিইউডিএস সাধারণ সম্পাদক সিফাত নূর চৌধুরী। প্রধান অতিথি বলেন, বিতর্ক কেবল প্রতিযোগিতা নয়, এটি যুক্তিবোধ, বিশ্লেষণী চিন্তা ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার অন্যতম কার্যকর মাধ্যম। তিনি শিক্ষার্থীদের মুক্তচিন্তা ও ইতিবাচক যুক্তিচর্চার মাধ্যমে সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। বিশেষ অতিথি প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার বলেন, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেভাপতির বক্তব্যে জুলিয়া পারভীন বলেন, পিইউডিএস দীর্ঘদিন ধরে যুক্তি, জ্ঞান ও মানবিক মূল্যবোধ চর্চার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে। এবারের জাতীয় বিতর্ক উৎসবও দেশের তরুণ বিতার্কিকদের জন্য নতুন অভিজ্ঞতা ও অনুপ্রেরণার ক্ষেত্র তৈরি করবে।এবারের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ২৪টি স্কুল দলের অংশগ্রহণে ষষ্ঠ আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা, ১৬টি কলেজ দলের অংশগ্রহণে ষষ্ঠ আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা এবং ২৬টি বিশ্ববিদ্যালয় দলের অংশগ্রহণে দ্বাদশ আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। ৩ দিনব্যাপী এই উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিতার্কিকদের অংশগ্রহণে মুখর হয়ে উঠেছে ইউনিভার্সিটি ক্যাম্পাস।












