প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রামের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রক্তন চেয়ারম্যান মরহুম সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসাইনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ অক্টোবর বাদে আছর বিশ্ববিদ্যালয়ের জিইসি মোড়স্থ কেন্দ্রীয় মসজিদে প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা–কর্মচারী এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
স্মরণসভায় প্রয়াত চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসাইনের কর্মময় জীবন, শিক্ষা ও গবেষণায় তাঁর অবদান এবং শিক্ষার্থীদের প্রতি তাঁর আন্তরিকতা ও দায়িত্বশীলতার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও একাডেমিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা গভীরভাবে অনুভব করেন উপস্থিত শিক্ষক–শিক্ষার্থীরা। দোয়া মাহফিলে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। প্রিমিয়ার ইউনিভার্সিটি পরিবারের কাছে প্রয়াত সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসাইন তাঁর কর্ম, অবদান ও স্মৃতির মধ্য দিয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবেন। প্রেস বিজ্ঞপ্তি।












