চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত প্রফেসর শায়েস্তা খান স্মৃতি স্কুল ক্রিকেট লিগে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। হালিশহর হাউজিং এস্টেট মাঠে (হাফুস মাঠ) গতকাল সোমবার অনুষ্ঠিত ফাইনালে তারা ৮১ রানের বিশাল ব্যবধানে সৃজন গ্রামার স্কুলকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সানশাইন গ্রামার স্কুল ১৯.১ ওভার খেলে সব উইকেট হারিয়ে ১৮২ রানের বিশাল স্কোর দাঁড় করায়। জবাবে সৃজন গ্রামার স্কুল ১৭.২ ওভার খেলে ১০১ রানে অলআউট হয়ে যায়। বিজয়ী দলের হয়ে আদিল চৌধুরী ২২ বল খেলে সর্বোচ্চ ৪৫ রান করেন। তার ইনিংসে ছিল ১টি চার এবং ৬টি ছক্কা। আদিল বল হাতে ১৭ রানে ২ উইকেট নেন। ব্যাটে বলে নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা হন আদিল। এছাড়া দলের সাদমান বিন তাহসিন ৩৭, মিফতাউল আলম ৩২, মো. ইব্রাহিম ২১ ও ইভান রায়হান ১৪ রান যোগ করেন। ১৩ রানে আসে অতিরিক্ত থেকে। সৃজন গ্রামার স্কুলের রিয়াদ সরদার ১৫ ও মারুফ ২৪ রান দিয়ে ৩টি করে উইকেট নেন। এছাড়া তালহা ইবনে তারেক ৪০ রানে ২টি উইকেট পান। আবির ১৮ ও অনুরাগ বড়ুয়া ৩৩ রানে ১টি করে উইকেট নেন। সৃজন গ্রামার স্কুলের ব্যাটারদের মাঝে রিয়াদ সরদার ৩০, দুর্জয় বৈষ্ণব ২০, অংকুর দত্ত ১০ ও অর্ণব মল্লিক ১৪ ছাড়া বাকিরা দুই অংকে পৌঁছাতে পারেননি। সানশাইন স্কুলের সফল বোলার আবদুল্লাহ নুর ১৮ রানে ৩টি উইকেট শিকার করেন। আদিল চৌধুরী ১৭ ও সাকিব হোসেন ৩ রানে ২টি করে উইকেট পান। তামিনুল ইসলাম ১৬ ও মো. ইব্রাহিম ১১ রানে ১টি করে উইকেট নেন। লিগের সেরা ব্যাটার হন সৃজন গ্রামার স্কুলের অনুরাগ বড়ুয়া ১৪৩ রান, সেরা বোলার হন সানশাইন গ্রামার স্কুলের তামিনুল ইসলাম ১১ উইকেট। তাদেরকে শায়েস্তা খানের পরিবারের পক্ষ থেকে ট্রফিসহ ব্যাট ও স্পোর্টস সু উপহার দেয়া হয়। এছাড়া সেমিফাইনালে পরাজিত দুই স্কুল কাস্টমস ল্যাবরেটরি ও বেপজা পাবলিক স্কুলকে শায়েস্তা খানের পরিবারের পক্ষ থেকে ১টি করে ব্যাট উপহার দেয়া হয়। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফিসহ নগদ ১০ ও ৭ হাজার টাকা প্রাইজমানি দেয়া হয়েছে। বিকেলে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন মহানগরী ক্রীড়া সংস্থার সিনিয়র সহ–সভাপতি ও অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী। ক্রিকেট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ফেরদৌস আলী চৌধুরীর সভাপতিত্বে ও সম্পাদক ফরিদ আহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে ইস্পাহানি গ্রুপের জেনারেল ম্যানেজার শাহ মইনুদ্দিন হাসান বিশেষ অতিথি ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানে অন্যদের মাঝে সিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) ফয়সাল আহমেদ, উপ–কমিশনার মো. আলমগীর হোসেন, আমিনুল ইসলাম ও নিস্কৃতি চাকমা, ইস্পাহানি গ্রুপের জেনারেল ম্যানেজার সৈয়দ হুসেইন পিশনামাজ, ম্যানেজার তাসবির হাকিম, সংস্থার সহ–সভাপতি ইবাদুল হক লুলু, যুগ্ম সম্পাদক তৈয়বুর রহমান, সাংবাদিক ওসমান গনি মনসুর, প্রয়াত শায়েস্তা খানের ছোট ভাই সাবেক ব্যাংকার মহব্বত খান, ছেলে ডা. ইসতিয়াক আজিজ খান, কন্যা ফারজানা জেসমিন খান, সংস্থার নির্বাহী সদস্য সেকান্দর কবির, সিরাজুল হক খান, সিডিএফএ সাধারণ সম্পাদক ওয়াহিদ দুলাল, নওশাদ আলম চৌধুরী, আলী তারেক পারভেজ, সিজেকেএস কাউন্সিলর সাজিব বিকাশ বড়ুয়া টুটুল, এনামুল হক এনাম, আলী হাসান রাজু, নাসির মিয়া, আইনুল কবির জিতু, ক্রীড়া সংগঠক মনির হাসান আনোয়ার, সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ, সেলিম রেজা, ওয়াসিম কামাল রাজা, সংস্থার ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক আবদুল গফুর পন্টি,নির্বাহী সদস্য মোহাম্মদ মারুফ, ব্যাংকার মাইনুল ইসলাম, হাফুস’র সহ–সভাপতি গোলাম মোর্শেদ, সাধারণ সম্পাদক নান্নু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ভোলা, সদস্য কামালউদ্দিন প্রমুখ।










