চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় ছুরিকাঘাতে নিহত রাজমিস্ত্রি মো. সালাহ উদ্দীন সোহাগ হত্যা মামলার প্রধান আসামি মো. হানিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পাঁচ দিন পর গতকাল বুধবার দুপুরে তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হানিফ দোহাজারী দিয়াকুল এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দোহাজারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দিয়াকুল খান সাহেবপাড়া এলাকার বাসিন্দা সোহাগের সঙ্গে হানিফের দীর্ঘদিনের শত্রুতা ছিল। গত ১৩ মার্চ ইফতারের পর তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হানিফ সোহাগকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ মার্চ সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী মনিফা আকতার বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি হত্যা মামলা করেন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খাঁন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার আসামি হানিফের অবস্থান শনাক্ত করে কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানায় নিয়ে আসার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।












