প্রকাশ্যে ‘দম’ সিনেমার ট্রেইলার

| বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

একটি পায়রার কাছে বন্দিদশা থেকে পরিবারের কাছে ফেরার আকুতি– ‘তিন দিন পরে আমি নূর বাড়িতে যামু, আম্মা আর রানিরে গিয়ে এই কতা কবি”, এমন সংলাপে প্রকাশ্যে এসেছে ‘দম’ সিনেমার ট্রেইলার। এক মিনিট ৫২ সেকেন্ডের ট্রেইলারে সিনেমার নূর চরিত্রে অভিনয় করা আফরান নিশোর কণ্ঠে শোনা গেছে এই কথা। মঙ্গলবার বিকালে এক অনুষ্ঠানে প্রকাশ করা হয় সিনেমাটির ট্রেইলার। খবর বিডিনিউজের।

ট্রেইলারে নিশোর কণ্ঠে আরো শোনা গেছে, জন্মের পরেই শুরু হয় দমের খেলা। আর মৃত্যুর যহন আপনি খুব কাছাকাছি, তহন দম ধইরা রাখতে যেমন কষ্টের, দম একবারে ছাইড়া দিতে আরও কষ্ট। ট্রেইলার দেখে বোঝা গেছে, নিশো অভিনীত এই চরিত্রটিকে একটি গোষ্ঠী আটকে রেখে মুক্তিপণ দাবি করে, তাকে মুক্ত করার জন্য অপহরণকারীরা এক কোটি আফগানি (মুদ্রা) দাবি করেছে। না দিলেই হত্যা করা হবে। ট্রেইলারে আরও দেখা গেছে পূজা চেরী ও চঞ্চল চৌধুরীকে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। গল্পটি নির্মাতা পেয়েছেন ঈদ সংখ্যায় প্রকাশ করা এক বিশেষ ম্যাগাজিনে। সেই গল্প তুলে ধরে নির্মাতা রেদোয়ান রনি বলেন, প্রতিবার ঈদ করতে গ্রামে যাই। একবার ঈদ সংখ্যার ম্যাগাজিন বাড়ি নিয়ে গিয়েছিলাম, তখন গল্পটা পড়ে চোখে পানি চলে আসে। কাজটি করার আগ্রহ দেখাই। সেই গল্পের অনুপ্রেরণায় তৈরি হলো দম। সিনেমার প্রধান চরিত্রটি অদ্ভুত এক অনুভূতি এনে দিয়েছে। একজন মানুষের মানসিক শক্তি কতটা দমদার হতে পারে তা পর্দায় দেখা যাবে। আশা করছি সিনেমাটি সবার ভালো লাগবে।

আফরান নিশো বলেন, দম নিয়ে কথা বলতে গেলে আবেগপ্রবণ হয়ে যাই। কাজটি ভালো করতে গল্প নিয়ে অসংখ্যবার টিমের সঙ্গে বসেছি। প্রতিটি মানুষ সিনেমাটির জন্য পরিশ্রম করেছেন। দর্শকরা সিনেমাটি দেখে ঠকবে না। এমন গল্প ও চরিত্র এর আগে করিনি। আমার ইচ্ছে আছে ইন্ডাস্ট্রিকে গল্পনির্ভর কাজ দেওয়ার, সেই চেষ্টাই করছি।

আফরান নিশোর স্ত্রী রানি চরিত্রে অভিনয় করেছেন পূজা। চরিত্রটি নিয়ে এই অভিনেত্রীর ভাষ্য, আপনারা বলতে বাধ্য হবেন, এটি একটি দমদার সিনেমা। নূর আমার স্বামী (আফরান নিশো), যার কথা না বললেই না, একজন মানুষ কতটা সাপোর্টিভ হতে পারে তা উনার সঙ্গে কাজ না করলে বুঝতে পারতাম না। উনি সেটে যেমন হাসিয়েছেন, তেমন কাজটা শিখিয়ে দিয়েছেন।

দম’ সিনেমাটি ‘ইউ’ গ্রেডে সেন্সর সার্টিফিকেশন সনদ পেয়েছে। অর্থাৎ সিনেমাটি সর্বসাধারণের জন্য প্রদর্শনের উপযোগী। সিনেমাটির বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছেন বাংলা গানের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। দীর্ঘ ৪৪ বছর পর তিনি নিজের গাওয়া কালজয়ী ‘এই মন তোমাকে দিলাম’ গানটি নতুন সংগীতায়োজনে ‘দম’ সিনেমার জন্য প্লেব্যাক করেছেন।

দম’ সিনেমার চরিত্রনাট্য লিখেছেন রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আলআমিন হাসান ও সাইফুল্লাহ রিয়াদ। সিনেমার বড় অংশের দৃশ্যধারণ হয়েছে কাজাখস্তানে। এসভিএফ আলফাআই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি সহপ্রযোজিত ‘দম’ মুক্তি পাবে শুধু মাল্টিপ্লেক্সে।

পূর্ববর্তী নিবন্ধঈদে টেলিভিশনে পাঁচ ব্যান্ডের শো
পরবর্তী নিবন্ধইরান সংকটের সমাধান সামরিক উপায়ে সম্ভব নয় : জার্মান পররাষ্ট্রমন্ত্রী