পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যসেবায় সম্মিলিত উদ্যোগ জোরদার করতে হবে বলে মন্তব্য করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
বিশ্ব পোলিও দিবস উপলক্ষে গতকাল শনিবার চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনকে কেন্দ্র করে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৬৫–এর রিপসা টিম আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারিয়ান পিপি মানতাকা জামান কাপ্পী।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, পোলিও একটি সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা বিশেষ করে শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। এ রোগে আক্রান্ত হলে স্থায়ী পক্ষাঘাতের মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে। পোলিওর নির্দিষ্ট নিরাময়মূলক চিকিৎসা নেই; তবে যথাযথ টিকাদানের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই কোনো শিশুই যেন টিকাদানের আওতার বাইরে না থাকে, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়ানো এবং স্বাস্থ্যবিষয়ক ভুল ধারণা দূর করাও জরুরি। তিনি বলেন, বাংলাদেশ পোলিও নির্মূলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, দেশে সর্বশেষ বন্য পোলিও ভাইরাসজনিত রোগী শনাক্ত হয়েছিল ২০০৬ সালে। ২০১৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ–পূর্ব এশিয়া অঞ্চলকে পোলিওমুক্ত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তবে বিশ্বব্যাপী পোলিও নির্মূলের লক্ষ্য এখনো পুরোপুরি অর্জিত হয়নি। ফলে বাংলাদেশের অর্জিত সাফল্য ধরে রাখতে নিয়মিত টিকাদান, রোগ শনাক্তকরণ ও নজরদারি কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. ফজলে রাব্বী এবং রিপসা কমিটির অ্যাডভাইজার ও ডেপুটি কান্ট্রি কো–অর্ডিনেটর পিডিজি আব্দুল আহাদ। এ সময় আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে একজন সুবিধাবঞ্চিত নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টির লক্ষ্যে একটি সেলাই মেশিন হস্তান্তর করা হয়। কর্মসূচির সার্বিক আয়োজন ও সমন্বয়ে ভূমিকা পালন করেন কো–অর্ডিনেটর পিপি নজরুল ইসলাম নান্টু, পিপি মিনহাজ ইউ নাহিয়ান, পিপি ইব্রাহিম হাসান, ডেপুটি কো–অর্ডিনেটর পিপি সুদীপ কুমার চন্দা, রেজিস্ট্রেশন চেয়ার পিপি তাহিয়া কবির, রেজিস্ট্রেশন কো–চেয়ার পিপি জাহিদুল ইসলাম এবং অ্যাসিস্ট্যান্ট কো–অর্ডিনেটর ও ইভেন্ট প্রমোশন চেয়ার পিপি কাজী
হাসানুজ্জামান শান্টু। এ ছাড়া উপস্থিত ছিলেন রিপসার সিনিয়র কো–অর্ডিনেটর পিপি আবু তৈয়ব, পিপি মনিরুজ্জামান, পিপি ফেরদৌস আরা, সিনিয়র স্পেশাল এইড পিপি আফতাব উদ্দিন সিদ্দিকী, পিপি রিজওয়ান শাহিদী, পিপি এমদাদুল আজিজ চৌধুরীসহ রোটারি ডিস্ট্রিক্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন রোটারি ক্লাবের বর্তমান ও সাবেক সভাপতি, ক্লাব সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা। প্রেস বিজ্ঞপ্তি।












