পেকুয়ায় বৈদ্যুতিক মিটার বিস্ফোরণে আগুন, ৩ বসতবাড়ি পুড়ে ছাই

পেকুয়া প্রতিনিধি | শনিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:৫১ পূর্বাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় বৈদ্যুতিক মিটার বিস্ফোরণে অগ্নিকাণ্ড সংগঠিত হয়ে তিনটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নন্দির পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইফতারের আগ মুহূর্তে ফোরকানের বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে যায়। বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই আগুন পাশের আরও ২টি বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হওয়া আগুন স্থানীয়রা নিয়ন্ত্রণে চেষ্টা করে ব্যর্থ হলে ৩ টি বসতবাড়ি মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, নন্দির পাড়া এলাকার আকতার আহমদের ছেলে সৌদি আরব প্রবাসী ফোরকান আহমদ,তার ভাই মোঃ ছোটন ও মৃত জয়নাল আবদীনের ছেলে দিনমজুর মোঃ রাকিব। এ অগ্নিকাণ্ডে তিন পরিবারের প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান মাহবুব। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এবং জেলা পরিষদ থেকে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদানের আশ্বাস দেন।

এদিকে সন্ধ্যায় স্থানীয় বিএনপি নেতা ইউছুফ রুবেল,সাবেক ভাইসচেয়ারম্যান মাহাবুব করিম ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধনোয়াজিষপুরে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির শিক্ষা সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধহাটহাজারী বাসস্ট্যান্ডে যানজট নিরসনে অভিযান, জরিমানা