পেকুয়ার রূপাইখালে অবৈধ বাঁধ অপসারণ শুরু

৫৮টি বাঁধ চিহ্নিত, প্রথম ধাপে সরানো হয়েছে ৯টি

পেকুয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ জুলাই, ২০২৬ at ৭:০৯ পূর্বাহ্ণ

কক্সবাজারের পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে বন্যার পানি নেমে গেলেও মগনামা ইউনিয়নের অনেক স্থানে এখনো জলাবদ্ধতা কাটেনি। স্থানীয়দের অভিযোগ, রূপাইখালে দীর্ঘদিন ধরে অবৈধভাবে কৃত্রিম বাঁধ নির্মাণ ও স্লুইসগেটে জাল বসিয়ে পানি চলাচলে বাধা সৃষ্টি করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতা নিরসন ও খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে গতকাল বুধবার থেকে অবৈধ বাঁধ অপসারণ অভিযান শুরু হয়েছে। গতকাল বেলা সাড়ে ১০টার দিকে মগনামা ইউনিয়নের মটকাভাঙা এলাকায় রূপাইখালের একটি বাঁধ অপসারণের মধ্য দিয়ে অভিযান শুরু হয়। প্রথম ধাপে মোট ৯টি অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের বিভিন্ন স্থানে প্রভাবশালী ব্যক্তিরা অন্তত ৫৮টি অবৈধ বাঁধ নির্মাণের পাশাপাশি স্লুইসগেটে জাল বসিয়েছেন। যার কারণে খালের স্বাভাবিক পানি চলাচল ব্যাহত হয়ে বর্ষা মৌসুমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এর ফলে ইউনিয়নের প্রায় ৩ হাজার পরিবার পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েছে। ক্ষতির মুখে পড়েছে কৃষি ও মৎস্য খাতও।

স্থানীয় সূত্র জানায়, সামপ্রতিক বন্যায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় অন্তত ৩০টি মৎস্যঘেরের মাছ ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তীর্ণ কৃষিজমির ফসল। তলিয়ে গেছে বসতঘর ও পুকুর। অনেক পরিবারকে দীর্ঘদিন পানিবন্দী অবস্থায় মানবেতর জীবন কাটাতে হয়েছে।

গত ১৮ জুলাই বন্যাপরবর্তী পরিস্থিতি পরিদর্শনকালে পেকুয়াচকরিয়া আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সরকারি খাল থেকে অবৈধ বাঁধ অপসারণে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদকে যৌথভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে এ অভিযান শুরু হয়েছে। মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী বলেন, ইতোমধ্যে ৫৮টি অবৈধ বাঁধ চিহ্নিত করা হয়েছে। প্রথম ধাপে ৯টি অপসারণ করা হয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধ বাঁধ ও স্লুইসগেটে বসানো জাল অপসারণ করা হবে।

অভিযান চলাকালে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম কার্যক্রম তদারকি করেন। এ সময় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য, সাংবাদিক, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, গ্রাম পুলিশ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধভাটিয়ারী ইউপি চেয়ারম্যান আ. লীগ নেতা নাজিম গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধইন্ট্রাডে ট্রেডিং বাতিলসহ ৮ দাবি ইনভেস্টরস ফোরাম চট্টগ্রামের