বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) চলতি মৌসুমে রীতিমতো উড়ছিল বাংলাদেশ পুলিশ এফসি। বড় ক্লাবগুলো যখন পয়েন্ট হারাচ্ছিল, তখন টানা তিন জয়ে নিজেদের আধিপত্যের জানান দিচ্ছিল দলটি। তবে চতুর্থ রাউন্ডে এসে হোঁচট খেয়েছে দলটি। তাদের সেই জয়রথ থামিয়ে দিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। অন্যদিকে, দিনের আরেক ম্যাচে চট্টগ্রাম সিটির বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড।
গতকাল গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘের সঙ্গে ১–১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে পুলিশ এফসি। মূল্যবান দুই পয়েন্ট হারালেও শীর্ষস্থান হাতছাড়া হয়নি তাদের। চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরেই আছে পুলিশ। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সমান ৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তালিকার চারে অবস্থান করছে লিগের ছয়বারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
অন্যদিকে, নিজেদের হোম ভেন্যু ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে আধিপত্য বিস্তার করে খেলেছে ঢাকা আবাহনী। চট্টগ্রাম সিটিকে তারা উড়িয়ে দিয়েছে ৩–১ গোলের বড় ব্যবধানে। আকাশি–নীল শিবিরের হয়ে জালের দেখা পেয়েছেন মাইকেল বাবাতুন্দে, অ্যান্থনি ওকাচি এবং আল আমিন। চট্টগ্রাম সিটির হয়ে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন রাফায়েল অনরেবে। এই জয়ে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে আবাহনী। আর চার ম্যাচের চারটিতেই হেরে চরম হতাশায় ভুগছে চট্টগ্রাম সিটি এফসি।
এদিকে, মুন্সীগঞ্জের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে গোল উৎসব হলেও জয়ের দেখা পায়নি কেউ।
ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির মধ্যকার লড়াইটি শেষ হয়েছে ২–২ গোলের সমতায়। লিগে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ; চার ম্যাচের তিনটিতে ড্র করার পাশাপাশি অন্যটিতে তারা হেরেছে পুলিশের কাছে। ব্রাদার্স ইউনিয়নের অবস্থাও তথৈবচ। চার ম্যাচে দুই ড্র ও দুই হারে এখনও লিগে নিজেদের প্রথম জয়ের অপেক্ষায় রয়েছে গোপীবাগের ক্লাবটি।











