নগরীর চান্দগাঁও এলাকা থেকে চুরি হওয়া ১৭ লাখ টাকা মূল্যের একটি এক্সক্যাভেটর ক্যাট গাড়ি খুলনা থেকে উদ্ধার করেছে পুলিশ।
একই ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার এবং চোরাইকাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন – কর্ণফুলীর চরলক্ষ্যা এলাকার মোঃ ইকবাল হোসেন প্রঃ তামিম ইকবাল (৩৫), বাঁশখালী খানখানাবাদের মোঃ আব্দুর শুক্কুর (২৯), ফিরোজপুর জেলার মঠবাড়ীয়া এলাকার ওয়াহিদ হোসেন আলআমিন প্রঃ ফিরোজ (২৪) এবং নড়াইল জেলার সদর এলাকার মোঃ ইকরাম হোসেন (৪৬)।
শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় চান্দগাঁও থানা পুলিশ। এরআগে গত ২৭ জুলাই চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট ওয়াপদা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামন থেকে গাড়িটি চুরি করে একটি চক্র।
এই ঘটনায় গাড়িটির মালিক গত ২৯ জুলাই আবদুল মন্নান (৬৩) বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং -৪৩।
মামলার ভিত্তিতে থানা পুলিশ খুলানার আড়ংঘাট থানাধীন বাইপাস দৌলতপুরগামী বকুলতলা মোড়ের মীনা বাড়ী ও শামীমের পাটের গোডাউনের মধ্যবর্তী রাস্তায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করে। একই সঙ্গে চুরিকৃত গাড়িটি উদ্ধার এবং চোরাইকাজে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হয় বলে পুলিশ জানায়।












