পর্তুগালে রেস্তোরাঁয় গুলি, ৩ বাংলাদেশি আহত

| বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:০১ পূর্বাহ্ণ

পর্তুগালের লিসবনের একটি রেস্তোরাঁয় সশস্ত্র হামলায় তিন বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার মধ্যরাতে লিসবনে বাঙালি অধ্যুষিত বেনফর্রমোচা রোডের উজান ভাটি রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে বলে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। আহত তিনজনই পুরুষ। তাদের বয়স ২৯ থেকে ৪২ বছরের মধ্যে। খবর বিডিনিউজের।

সিএনএন পর্তুগাল লিখেছে, একটি গাড়ি থেকে গুলি চালানো হয়। একজনের বুকে গুলি লেগেছে। বাকি দুজনের একজন পায়ে, অপরজন মাথায় আঘাত পেয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী কেউ কেউ বলছেন, দুই থেকে তিনজন অস্ত্রধারী প্রাইভেটকারে রেস্তোরাঁর সামনে আসে। মুখোশ পরে তারা এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে।

আক্রমণের পর পর্তুগালের পুলিশ বাহিনী (পিএসপি) ঘটনাস্থল এলাকা ঘিরে ফেলে। ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। লিসবনে বাংলাদেশ দূতাবাস ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। আহতদের চিকিৎসা ও আইনি সহায়তার বিষয়টি পর্যবেক্ষণের কথা জানিয়েছেন দূতাবাসের এক কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধবেড়িবাঁধের গাছ কাটা কিশোরগঞ্জের সেই বিএনপি নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপটিয়ায় ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে দুই দফা চোরের হানা