পটিয়ায় সোহেল হত্যার প্রধান আসামি কায়েস বাকলিয়ায় গ্রেফতার

| সোমবার , ২ ফেব্রুয়ারি, ২০২৬ at ১২:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ার আলোচিত মোহাম্মদ সোহেল (৩৬) হত্যার প্রধান আসামি মোহাম্মদ কায়েস (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে নগরীর বাকলিয়া কল্পলোক এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ একটি টিম তাকে গ্রেফতার করেন।

অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর বাকলিয়া ও চান্দগাঁও এলাকার দায়িত্বপ্রাপ্ত মেজর মো: আশরাফুজ্জামান। গ্রেফতার হওয়া কায়েসের বিরুদ্ধে পটিয়া থানায় হত্যা মামলার একটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

জানা গেছে, পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেমের ছোট ভাই মোহাম্মদ সোহেল ২০২২ সালের ২২ এপ্রিল খুন হন। এ ঘটনায় চেয়ারম্যান আবুল কাসেম বাদী হয়ে কায়েসকে প্রধান আসামি করে পটিয়া থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পর মোহাম্মদ কায়েস গ্রেফতার হলেও পরবর্তীতে সে জামিনে বের হয়।

মামলার বাদী আবুল কাসেম জানান, তার ছোট ভাইকে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় তিনি বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা করেন। ওই মামলায় ওযারেন্ট ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে।

বাকলিয়া থানার ডিউটি অফিসার ও এএসআই রুমা বড়ুয়া জানান, পটিয়া থানার একটি হত্যা মামলার ওয়ারেন্টের আসামিকে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে গ্রেফতার করেছে। যেহেতু মামলা পটিয়া থানায় সে কারণে আসামিকে পটিয়া থানায় পাঠানোর প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধমোমবাতি বিজয়ী হলে কর্মসংস্থান প্রাধান্য পাবে
পরবর্তী নিবন্ধইকুইটির আয়োজনে উৎসবমুখর পিঠা উৎসব ২০২৬