পটিয়ায় শ্রীমাই খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৬ at ৩:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় শ্রীমাই খাল থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার উত্তর ছনহরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টেকের পনি সংলগ্ন ব্রিজের পাশে শ্রীমাই খালের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয়রা জানান, সকালে শ্রীমাই খালের পানিতে মরদেহটি দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। পরে পটিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তাঁর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের পরনে কালচে রঙের প্যান্টজাতীয় পোশাক রয়েছে বলে ঘটনাস্থলের ছবি থেকে দেখা গেছে। শরীরের বিভিন্ন অংশ কাদা, পানি ও জলজ উদ্ভিদে আংশিকভাবে ঢাকা ছিল।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, “উত্তর ছনহরার ১ নম্বর ওয়ার্ডের টেকের পনি সংলগ্ন ব্রিজের পাশে শ্রীমাই খালের মধ্যে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। তাঁর বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হতে পারে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মরদেহটি খালের পানিতে পড়ে থাকায় শরীরের কিছু অংশে কাদা ও জলজ উদ্ভিদ জড়িয়ে ছিল। তবে কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে কিংবা কখন থেকে মরদেহটি সেখানে পড়ে ছিল, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধকোরআনের আলোয় আলোকিত সমাজ গড়ার অঙ্গীকার আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের
পরবর্তী নিবন্ধবন্যায় ক্ষতিগ্রস্ত লামার মানুষের ঘর পুনর্নির্মাণে পাশে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন