পটিয়ায় গরু চুরি করে সিএনজিচালিত টেক্সিতে তুলে পালানোর সময় এলাকাবাসী ধাওয়া দিয়ে দুই নারীকে আটক করেছে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেয়। এ সময় ওই দুই নারীর সঙ্গে থাকা চক্রের আরো দুই পুরুষ সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধার করা হয়েছে গরু ও গরু বহনে ব্যবহৃত টেক্সিটি। গতকাল রোববার দুপুরে উপজেলার ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন এলাকার সেনপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আজ সোমবার আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চারজনের একটি দল টেক্সি নিয়ে সেনপাড়া এলাকায় আসে। একপর্যায়ে স্থানীয় বাসিন্দা নুরুল চৌধুরীর একটি গরু টেক্সিতে তুলে নিয়ে দ্রুত সরে পড়ার চেষ্টা করে তারা। বিষয়টি স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা টেক্সিটিকে ধাওয়া করে দক্ষিণ ভূর্ষি রেলগেট এলাকায় আটক করে। তখন দলের দুই পুরুষ সদস্য পালিয়ে যেতে সক্ষম হলেও দুই নারীকে আটক করেন স্থানীয় লোকজন। পরে গরু ও টেক্সিসহ আটক দুই নারীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পটিয়া থানার ওসি মো. জিয়াউল হক বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ উদ্ধার করা গরু ও টেক্সিসহ দুই নারীকে হেফাজতে নিয়েছে। পালিয়ে যাওয়া দুই পুরুষ সদস্যকে গ্রেপ্তারে অভিযান চলছে। আটক নারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।












