নূর আহমদ চেয়ারম্যান অবৈতনিক প্রাথমিক শিক্ষা প্রবর্তনে স্মরণীয় হয়ে থাকবেন

শ্রদ্ধাজ্ঞাপন শেষে সিটি মেয়র

| শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

উপমহাদেশে অবৈতনিক প্রাথমিক শিক্ষার প্রবক্তা ও চট্টগ্রাম পৌরসভার সাবেক চেয়ারম্যান নূর আহমদ চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

গতকাল বৃহস্পতিবার সকালে মেয়র ডা. শাহাদাত হোসেন মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। কবর জিয়ারত শেষে মেয়র বলেন, নূর আহমদ চেয়ারম্যান তাঁর কর্ম, আদর্শ ও শিক্ষাক্ষেত্রে অবদানের মাধ্যমে চট্টগ্রামের মানুষের হৃদয়ে চিরদিন জাগ্রত থাকবেন। তিনি দীর্ঘ ৩৩ বছর পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করে চট্টগ্রামের নগর উন্নয়ন ও নাগরিক সেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে অবৈতনিক প্রাথমিক শিক্ষা প্রবর্তনে তাঁর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

মেয়র বলেন, নূর আহমদ চেয়ারম্যান শুধু একজন জনপ্রতিনিধি ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজসংস্কারক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণে তিনি যে উদ্যোগগুলো গ্রহণ করেছিলেন, তার সুফল এখনো সমাজে প্রতিফলিত হচ্ছে।

মেয়র বলেন, নূর আহমদ চেয়ারম্যানের মতো দূরদর্শী ব্যক্তিত্বদের অবদান যথাযথভাবে মূল্যায়ন এবং নতুন প্রজন্মের কাছে তাঁদের কর্ম ও আদর্শ তুলে ধরা প্রয়োজন। তাঁদের জীবনসংগ্রাম, সমাজের প্রতি দায়বদ্ধতা এবং শিক্ষার প্রসারে গৃহীত উদ্যোগগুলো নতুন প্রজন্মকে জনকল্যাণমূলক কাজে অনুপ্রাণিত করবে। চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি নগরীর শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে চসিক তার কার্যক্রম অব্যাহত রাখবে।

এসময় আরো উপস্থিত ছিলেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, নূর আহমদের দৌহিত্র এস এম সালাউদ্দীন, এস এম নাসিরুদ্দিন আল মামুন, কলামিস্ট ড. শামসুদ্দীন শিশির, অধ্যক্ষ আবু তালেব বেলাল, আলকরণ নূর আহমদ সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম শরীফ, সমাজকল্যাণ ও সংস্কৃতি কর্মকর্তা মামুনুর রশীদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও চসিকের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাঈদ আল নোমান এমপির সাথে কর আইনজীবী সমিতির মতবিনিময়
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে তাফসীরুল কুরআন মাহফিল উপলক্ষে মতবিনিময় সভা