নগরীর পাঁচলাইশ এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নিহত ১১ বছর বয়সী শিশু রেশমী আক্তারের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পূর্বঘোষিত প্রতিশ্রুতির অংশ হিসেবে বুধবার (৯ জুলাই) নিহত রেশমীর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন পাঁচলাইশ থানার আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি। ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমির নেতৃত্বে একটি প্রতিনিধি দল রেশমীর বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তারা নিহত শিশুর পরিবারের প্রতি মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। প্রতিনিধি দলের নেতারা বলেন, নিরপরাধ এক শিশুর এভাবে প্রাণ হারানো অত্যন্ত মর্মান্তিক। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের সহিংস ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা জামায়াতের অর্থ সম্পাদক জাহান, প্রশাসনিক ওয়ার্ড সেক্রেটারি মো. ইসমাইল, রৌফাবাদ ওয়ার্ড সভাপতি আবদুল্লাহ আল মাসুদ, বায়তুলমাল সম্পাদক ইঞ্জিনিয়ার জাবেদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক, সমাজকল্যাণ সম্পাদক মো. সাব্বির হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা। প্রেস বিজ্ঞপ্তি।











