নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলায় জনসম্পৃক্ততা ও দক্ষ ব্যবস্থাপনা জরুরি

মহানগরী জামায়াতের কর্মশালায় মুহাম্মদ শাহজাহান

| শনিবার , ১০ অক্টোবর, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনা, প্রার্থী ও পোলিং এজেন্টদের দায়িত্ব এবং নির্বাচনী প্রচারণা সম্পর্কে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন– জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান। প্রধান আলোচক ছিলেন– কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ আবদুর রব।

প্রধান অতিথি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে হলে জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলা এবং নির্বাচনী কার্যক্রমে ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করা জরুরি। নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ব্যবস্থাপনা, সঠিক পরিকল্পনা, দায়িত্বশীল নেতৃত্ব ও সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। প্রার্থী থেকে শুরু করে নির্বাচন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেক দায়িত্বশীলকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতে হবে। ভোটারদের আস্থা অর্জন, জনগণের সমস্যা ও প্রত্যাশা উপলব্ধি এবং জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে হবে।

প্রধান আলোচক উপাধ্যক্ষ আবদুর রব বলেন, নির্বাচনে প্রার্থী ও পরিচালনাকারীদের যথাযথ প্রস্তুতি সাফল্যের অন্যতম পূর্বশর্ত। একজন প্রার্থীকে নির্বাচনী এলাকার মানুষের সমস্যা, চাহিদা ও প্রত্যাশা সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে।

কর্মসূচিতে শুভেচ্ছা বক্তব্য দেন, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। এ সময় উপস্থিত ছিলেন নগরী জামায়াতের সহকারী সেক্রেটারি ফয়সল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, হামেদ হাসান ইলাহী, অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাকিম হত্যাকাণ্ডে জড়িতদের কেউ রেহাই পাবে না
পরবর্তী নিবন্ধদেশের উন্নয়ন ও অগ্রগতিতে সব সম্প্রদায়ের মানুষের অবদান রয়েছে