ফটিকছড়িতে দ্রুতগামী পিকআপের ধাক্কায় সাবেক ফুটবলার (গোলরক্ষক) মহিন উদ্দিন প্রকাশ মহিন বাবু (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি নাজিরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের দায় মিয়াজির নিবাসী মরহুম ইসহাকের সন্তান। গতকাল বুধবার সন্ধ্যায় নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। পিকআপের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে উদ্ধার করে নাজিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মহিন বাবু একজন ফুটবলার (গোলরক্ষক) হিসেবে ফটিকছড়ি ও নাজিরহাট এলাকায় অত্যন্ত সুপরিচিত এবং জনপ্রিয় ছিলেন। ঘটনাস্থল থেকে ফিরে ফটিকছড়ি থানার উপ–পরিদর্শক (এসআই) সুমন জানান, প্রাথমিকভাবে জানা গেছে নিহতের বড় ভাইয়ের ভাড়াটিয়া বাসা ছেড়ে যাওয়ার সময় বিদ্যুৎ বিল নিয়ে নিহতের সাথে কথা কাটাকাটি হয়। পরে মালামাল নিয়ে ভাড়াটিয়া চলে যাওয়ার সময় পিকআপের সাথে ধাক্কা লেগে মহিন বাবু মারা যান।












