নগরীর পাঁচলাইশ থানাধীন ষোলশহর এলাকার আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয় এবং চান্দগাঁও ভূমি কার্যালয় লক্ষ্য করে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করেছে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক বলেন, দুটি সরকারি কার্যালয়ের সামনে মোট তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। এলজিইডি কার্যালয়ের সামনে পড়ার পর পেট্রল বোমাগুলো ভেঙে যাওয়ায় আগুন ধরেনি। তবে চান্দগাঁও ভূমি কার্যালয়ের সামনে পড়া একটি পেট্রলবোমা ৮ থেকে ১০ সেকেন্ড আগুন জ্বলার পর নিভে যায়। পরে কার্যালয়ের কর্মচারীরা সেটি নালায় ফেলে দেন। উড়ালসড়ক থেকে মোটরসাইকেল অথবা গাড়িতে করে পেট্রলবোমাগুলো নিক্ষেপ করা হয়ে থাকতে পারে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করছে পুলিশ।











