নগরীর বাস কাউন্টার ও টার্মিনালে বিআরটিএ টিমের অভিযান

১৫ মামলা, জরিমানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৪ জুন, ২০২৫ at ১০:৩৮ পূর্বাহ্ণ

ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে বিআরটিএ–চট্টগ্রাম ও মালিক–শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি টিম বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন করেছে।

গতকাল মঙ্গলবার বেলা আড়াইটায় বিআরটিএর শীর্ষ কর্মকর্তাদের সমন্বয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন বাস কাউন্টারে এই অভিযান চালান এবং যাত্রীদের সাথে কথা বলেন।

বিআরটিএ–চট্টগ্রাম ও মালিক–শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত টিম নগরীর চান্দগাঁও বাস টার্মিনাল, অলংকার, একে খান ও সিটি গেইটে অবস্থিত বিভিন্ন বাস কাউন্টারে পরিদর্শন ও যাত্রীদের সাথে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা–এ বিষয়ে কথাবার্তা বলেন। এ সময় চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিংসহ লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম; বিআরটিএ, চট্টগ্রাম বিভাগের উপ–পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরী; বিআরটিএ, চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সলিমুল্লাহসহ অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীরা।

এছাড়াও বিআরটিএ চট্টগ্রাম বিভাগের ভ্রাম্যমাণ আদালত–১১ ও ১৩ কর্তৃক চান্দগাঁও বাস টার্মিনাল ও অলংকার–সিটি গেইটে ১৫টি বিভিন্ন মামলায় মোট ৮৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত–১১ এর নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ এবং ভ্রাম্যমান আদালত–১৩ এর নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মারমা। আজ বুধবার থেকে বিআরটিএ’র এ অভিযান আরো জোরদার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

পূর্ববর্তী নিবন্ধনিজের ২০০ বিলিয়ন ডলারের বেশিরভাগই আফ্রিকায় দান করবেন বিল গেটস
পরবর্তী নিবন্ধসালমান-শায়ানের বিরুদ্ধে আরও দুই মামলা