নগরকে সুন্দর রাখতে উচ্ছেদের পাশাপাশি সচেতনতা জরুরি

হালিশহর আই-ব্লক সমাজকল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতে মেয়র

| শুক্রবার , ৩ এপ্রিল, ২০২৬ at ৬:৩২ পূর্বাহ্ণ

নগরীর সড়ক দখলমুক্ত ও শৃঙ্খলাবদ্ধ রাখতে উচ্ছেদ অভিযানের পাশাপাশি স্থানীয়দের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন

তিনি বলেন, সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট টিম নিয়মিতভাবে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে এবং আই–ব্লক এলাকাতেও দ্রুত ম্যাজিস্ট্রেট পাঠানো হবে। অবৈধ দখল উচ্ছেদের পাশাপাশি তা যেন পুনরায় ফিরে না আসে, সে বিষয়ে এলাকাবাসীকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নগর ভবনে হালিশহর আই–ব্লক সমাজকল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

এ সময় নেতৃবৃন্দ মেয়রের কাছে প্রধান সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ, পর্যাপ্ত সড়কবাতি স্থাপন এবং ১০নং থেকে ১৪নং লেইন পর্যন্ত সড়ক উন্নয়নের বিষয়ে লিখিত আবেদনপত্র হস্তান্তর করেন। মেয়র বলেন, নগরীর সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে আধুনিক আন্ডারগ্রাউন্ড মার্কেট নির্মাণ, নতুন মার্কেট উন্নয়ন এবং সড়ক আলোকায়নসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আই–ব্লক সমাজকল্যাণ পরিষদের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নগরকে বাসযোগ্য ও সুন্দর রাখতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

সাক্ষাৎকালে আই–ব্লক সমাজকল্যাণ পরিষদের সভাপতি রায়হান মাহমুদ, সহ–সভাপতি মোহাম্মদ রাশেদ ও মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক আতাউর রহমান (লিটন), সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম লিমন, সহ–অর্থ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জমান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, প্রচার ও দপ্তর সম্পাদক মো. মনসুর আউয়াল জাকের এবং সদস্য সাকী উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচবির নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
পরবর্তী নিবন্ধবিসিবির আরও এক পরিচালকের পদত্যাগ