বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব–১৫ এর চট্টগ্রাম জেলা দল গঠনকল্পে দুই দিনব্যাপী প্রাথমিক খেলোয়াড় বাছাই কার্যক্রম তৃতীয় দিনে গড়িয়েছে। গতকাল রোববার বাছাই কার্যক্রমের দ্বিতীয় দিনের সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চট্টগ্রামের ১৫ উপজেলা থেকে প্রায় আট শতাধিক খেলোয়াড় দিনব্যাপী প্রাথমিক বাছাই পর্বে অংশ নেন। সংখ্যাটি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল। তবে বিপুল সংখ্যক ক্ষুদে খেলোয়াড়ের অংশগ্রহণের কারণে উপজেলা পর্যায়ের বাছাই কার্যক্রম গতকাল রোববার পুরোপুরি সম্পন্ন করা সম্ভব হয়নি। ফলে অবশিষ্ট খেলোয়াড়দের প্রাথমিক বাছাই বর্ধিত সময় ২৭ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ তথ্য জানান খেলোয়াড় বাছাই কমিটির আহবায়ক ও সিডিএফএ সিনিয়র সহ–সভাপতি নজরুল ইসলাম লেদু। তিনি বলেন গতকাল যেটুকু বাছাই কাজ হয়েছে তা থেকে ৩২ জনকে বাছাই করা হয়েছে। বাকি ১২জনকে আগামী মঙ্গলবার বাছাই করা হবে। এভাবে উপজেলা থেকে মোট ৪৪ জনকে বেছে নেয়া হবে। মহানগর এবং উপজেলা মিলিয়ে মোট ৮৮ জনকে বাছাই করে বাফুফে কোচের কাছে দেয়া হবে। তিনি তা থেকে ৫০ জনকে নির্বাচিত করবেন। একই দিন মঙ্গলবার সকাল ১১টা থেকে অনুষ্ঠিত হবে মহানগর ও উপজেলা থেকে প্রাথমিক বাছাইয়ে মনোনীত খেলোয়াড় নিয়ে চূড়ান্ত বাছাই পর্ব। ৫০ জনকে প্রশিক্ষন দিয়ে তা থেকে সর্বশেষ ৩০ জনের দল গড়া হবে। এরাই জেলা দলের প্রতিনিধিত্ব করবে। নজরুল ইসলাম লেদু বলেন উপজেলাগুলোর মধ্যে প্রতিভাবান খেলোয়াড় বেশি পাওয়া যায়। এদের বডি ফিটনেস, স্ট্যামিনা, টেকনিক, স্কিল, বল কন্ট্রোল সব কিছু মিলিয়ে খুব ভালো। উপজেলার বড় খোলা মাঠে খেলার সুবিধা তাদেরকে অনেকটা এগিয়ে রেখেছে। প্রাথমিক বাছাইয়ে মনোনীত সকল খেলোয়াড়কে মঙ্গলবার সকাল ১০টায় অনলাইন জন্ম নিবন্ধন সহ প্রয়োজনীয় মূল কাগজপত্র ও খেলার সরঞ্জাম নিয়ে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উপস্থিত জন্য চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। দ্বিতীয় দিনে খেলোয়াড় বাছাই কমিটির আহবায়ক ও সিডিএফএ সিনিয়র সহ–সভাপতি নজরুল ইসলাম লেদুর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত বাছাই পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন সাবেক ফুটবলার সাজিব বিকাশ বড়ুয়া টুটুল, মোহাম্মদ নাসির, নাজিম উদ্দীন নাজু, আসকার বাবু, কাজী কামরুল ইসলাম পাভেল, জমির আহামেদ। দিনব্যাপী বাছাই কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল, নির্বাহী সদস্য মাহামুদুর রহমান মাহাবুব, আবু সৈয়দ মাহামুদ, কাজী জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক ইয়াছিন আরাফাত চৌধুরী পাপলু ও সালাউদ্দিন জাহেদ, সিজেকেএস কাউন্সিলর আবু বক্কর ছিদ্দিক প্রমুখ।












