দূরের দুরবিনে

নির্ভয় উদার যাত্রাপথ

অজয় দাশগুপ্ত | সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ১১:১১ পূর্বাহ্ণ

সিডনি একটি নয়নাভিরাম সুন্দর নগরী। এর মূল আকর্ষণের একটি হচ্ছে বীচ। সমুদ্র সৈকত নামে পরিচিত এই বীচগুলো পর্যটনের বিশাল সম্ভাবনা পূরণ করে। নিয়মিত যাতায়াত করেন এমন মানুষের সংখ্যাও অজস্র। তিনমাসের ও বেশী সময় ধরে শীতকাল চলে এদেশে। সিডনি শীত থেকে বের হলেই শুরু হয় বসন্তকাল। মূলত তখন ই সামার বা গ্রীষ্মের শুরু। এই শুরুর সময় থেকে শেষ পর্যন্ত সী বীচ মানে মানুষের উচ্ছ্বাস আর আনন্দ অবগাহন। কতবার যে যাই বা গেছি তার কোন হিসাব নাই। বাচ্চা থেকে বয়ঃবৃদ্ধ সবাই সামিল এই কাতারে। কেবল সমুদ্র দর্শন বা স্নান করার জন্য যে মানুষ যায় তা নয় এর বাইরেও কতকিছু ঘটে।

আজ যখন এ লেখা লিখছি তার একদিন আগে এখানকার বিখ্যাত বন্ডাই বীচে হয়ে গেলো অভিনব এক ঘটনা। শরীরের ত্বকের ক্যানসার রৌদ্রময় দেশের এক অনিবার্য বাস্তবতা । এদেশে এসে আমি দেখেছি হাজার হাজার মানুষ স্কিন ক্যানসার বা ত্বক ও চামড়ার ক্যানসারে ভোগেন। যারা অষ্ট্রেলিয়া নিয়ে ভাবেন বা জানেন তাদের অজানা নয় এদেশের আদিবাসীরা সবসময় সাদা চন্দনের মতো কিছু মুখে কপালে ঘষে রাখেন। এদের এবরজিনাল নামে ডাকা হয়। এসব ভূমি সন্তানেরা এমনি এমনি এমন কিছু ঘষতেন না বা ঘষেন না। এরা মূলত যেসব এলাকায় বা রাজ্যে বসবাস করেন তার পুরোটাই উত্তপ্ত বনভূমি। কোথাও কোথাও গরমের জ্বালায় টেকা দায় । এই তীব্র গরম আর রোদের আঁচ থেকে বাঁচতে তারা সফেদ প্রলেপ লাগান কপালে শরীরে। বলাবাহুল্য এই প্রাকৃতিক সুরক্ষার বদলে মানুষ এখন ব্যবহার করে সান ক্রিম। রোদ এবং ক্যানসার থেকে বাঁচার জন্য কত ক্রিম কত যে প্রডাক্ট এদেশে না আসলে জানাই হতো না। কিন্তু সবকিছু ছাপিয়ে বন্ডাই বীচ স্কিন ক্যানসারের বিরুদ্ধে ঘটালো এক নতুন ঘটনা। বীচে সমবেত ক্যানসার প্রতিরোধে এগিয়ে আসা সবাই ছিলেন উদার ও খোলামেলা। শরীর প্রায় প্রকাশ্য করে দিয়ে সমবেত মানুষের এইঘটনা এদেশে নতুন।

পৃথিবীর বহুদেশে এমন ঘটে। আমি জানি আমাদের সমাজে এমন কিছু ভাবাও পাপ। কিন্তু ভাবার অনুরোধ জানাই কতটা স্বাধীনতা থাকলে বা কতটা উদার হলে একটি সমাজ এমন ঘটনা স্বাভাবিকভাবে নিতে পারে। সত্যি বলতে কি নগ্নতার প্রতি খোলামেলা সমর্থন না থাকলেও বলবো সবকিছুতে গেল গেল রব তোলা আমরা আসলেই কূপমন্ডুক। আমাদের এই পশ্চাৎপদতা কবে দূর হবে কে জানে?

কথাগুলো বলতে হলো কারণ আমরা এখন এক সময়ে বসবাস করছি যখন একদল মানুষ তাদের ধারণা চাপিয়ে দিতে চায়। তারা অন্যের কিছুই মানে না। আগেই বলে রাখি সব দেশ যার যার মতো নিয়ম আর অনুশাসন মেনে চলে। সৌন্দর্য বিষয়টিও সে রকম। তাহলে আগে আমরা যা করতে অভ্যস্ত ছিলাম আমাদের জীবনে যা কিছু ছিল ঠিক ও নিয়ম হঠাৎ সে সব অনিয়ম মনে হবার কারণ কোথায়? সমাজ বা মানুষের জন্য ই সবকিছু। সে জায়গায় যখন শাসন আর রাজনীতি মাথার ওপর বসে পড়ে তাহলে অনেক অঘটনই মানতে হয়। কিন্তু এর বাইরে আমরা যে দৃষ্টিকোণে সবকিছু খোলা আর সঠিক দেখতে পেতাম আজ তা কোণঠাসা।

মিডিয়া খুললেই আমরা হতাশায় নিমজ্জিত হয়ে পড়ি। চারদিকে শুধু নেগেটিভ খবর। এটা মানি, সামাজিক মিডিয়ার সব সত্যই আসলে সত্য না। এর বাইরে বিপুল সংখ্যক মানুষ সুন্দর জীবন যাপন করছেন হয়তো। কিন্তু মূল ট্রেন্ড বা ধারা কী বলে? মানুষ চাপে আছে। তার খাবার দাবার পোশাক জীবনধারা সবকিছু চাপে। একদিকে তার জীবনে আধহিক কষ্ট আরেকদিকে সমাজ বা সামাজিক প্রেসার । এই চাপ ধীরে ধীরে চেপে বসেছে। এমন ই যে মানুষ স্বাভাবিক বন্ধুত্ব বা মেলামেশাও করতে পারছে না। তাদের বন্ধুত্ব মেলামেশা এমন কি কথাবার্তা ও তোপের মুখে।

এই বিষয়গুলো কারো অজানা নয়। এগুলো আমাদের মনে করিয়ে দেয় একদা আফগানিস্তান বা তেমন দেশের বাস্তবতা। যাদের সবকিছু একসময় প্রাচ্য পশ্চিমের চোখে ছিল অভিনব। কথা হচ্ছে আমরা কী পশ্চিমাদের মন ভোলানোর জন্য এসব মানবো? অর্থাৎ আমরা উদার হব তাদের মনোরঞ্জনের জন্য? মোটেও তা নয়। আমরা উদার হবো উদার থাকবো নিজেদের কারণে। কারণ আমাদের হাজার বছরের ইতিহাস জীবনধারা আমাদের উদার রেখেছিল বলেই আমরা এক সাথে থাকতে পেরেছি। থাকার ফলে একটি স্বতন্ত্র জন্মভূমির জন্ম দিতে পেরেছিলাম।

কথা ছিল এই দেশটি উদার আর সবার জন্য একটি কল্যাণকর রাষ্ট্র হবে। কতটা হয়েছে কতটা হয় নি তার হিসাব মিলাবে সময়। কিন্তু আমরা উদারতা ও ধৈর্যের ব্যাপারে পিছিয়ে পড়ছি। যে ঘটনাটা বলে লেখা শুরু করেছি সেটি একটি সমাজে কিছু মানা না মানার চূড়ান্ত উদাহরণ। এই মান্যতা মানুষকে বড় করে। নতুন প্রজন্মকে আলোড়িত করে। জানান দেয় তার জন্য কোনটা উপকারী।

বাংলাদেশে বা বাঙালির ভেতরে মানা ও জানার যে অদম্য আগ্রহ তার অজস্র প্রমাণ আর উদাহরণ আমাদের সামনেই আছে। তবু আমরা কেন আজ দ্বিধান্বিত? এই দ্বিধার সীমানা পের হতে হবে। বিশেষ করে তরুণ তরুণীদের বেলায় ভালোবাসা উদারতা আর স্বচ্ছতা জরুরি। কীভাবে তা সম্ভব? শালীনতা আর সীমানা আমাদের সম্পদ। আমাদের সম্পদ দেশজ সংস্কৃতি। আমাদের অর্জনের নাম মুক্তিযুদ্ধ। আমাদের মনের টান গান কবিতা নাটক সাহিত্যে। এসব নিয়ে যত চর্চা হবে যতো কথা হবে যতো পথ খুলবে ততো আমরা জাতি হিসেবে বড় হয়ে উঠব।

সব অন্ধকারের পর এক আলোময় সকাল থাকে। বলা হয় রাতই দিন শুরুর পূর্বাভাস। এই পূর্বাভাস আমাদের জন্য আজ খুব দরকার। মানুষে মানুষে পোশাক খাদ্য জিয়নধারণ কথা বা যে কোন বিষয়ে ভেদাভেদ আর মতান্তরকে সীমিত করে এগুতে হবে। যতটা আমাদের সমাজ নিতে পারে যতটা নেয় ততটার ভেতর ই আমাদের পথ খুঁজতে হবে। মনে রাখতে হবে যারা উদারতা ও জীবনকে এক করতে পেরেছে তারাও একসময় আমাদের মতো বা তারচেয়েও পিছিয়ে ছিল। আজ পারছে কারণ তারা তা জীবনের সাথে জুড়ে নিয়েছে। তাই আমরাও পারবো। যদি আমরা তা চাই।

লেখক : সিডনি প্রবাসী কলামিস্ট, প্রাবন্ধিক, সাহিত্যিক

পূর্ববর্তী নিবন্ধহল্যান্ড থেকে