দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে

চকরিয়ায় ত্রাণ বিতরণকালে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ১৮ জুলাই, ২০২৬ at ৫:২৭ পূর্বাহ্ণ

রাষ্ট্রীয় কাজে বিদেশে অবস্থান এবং দেশে সংসদ অধিবেশন থাকায় সময়মতো কক্সবাজারের বন্যাদুর্গতদের দেখতে আসতে না পারায় ক্ষমা চেয়ে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এবারের ভয়াবহ বন্যার কারণে সড়ক, রাস্তাঘাট, মানুষের বসতবাড়ি, বেড়িবাঁধসহ যা যা ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যায়ক্রমে সবকিছু নতুন করে গড়ে তোলার আশ্বাস প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি গতকাল শুক্রবার সকালে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছান। এরপর সড়কপথে আসেন চকরিয়ায়। এ সময় বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা মনোযোগ সহকারে শুনেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রথমে চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যার ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ভেন্ডিবাজার স্টেশন এলাকায়।

এরপর তিনি যান চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মাতামুহুরী নদীতীরের কোচপাড়ায়। সেখানে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) কর্তৃক ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সালাহউদ্দিন আহমদ। এ সময় তিনি পরিদর্শন করেন মাতামুহুরী নদীর পশ্চিম তীরের ক্ষতিগ্রস্ত এক নম্বর গাইড বাঁধের। এ সময় মাতামুহুরী নদীর ভাঙন থেকে দুই তীর রক্ষায় টেকসই প্রকল্প নিতে নির্দেশ দেন সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের।

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নদীগর্ভে বিলিন হওয়া কোচপাড়ার বাক প্রতিবন্ধী ছালেহা বেগমকে নগদ এক লক্ষ টাকা অর্থ সহায়তা দেন ব্যক্তিগত তহবিল থেকে। এছাড়াও বন্যায় যাদের বসতবাড়ি বিলীন হওয়াসহ ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পুনর্বাসনে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি।

এরপর তিনি পৌরসভার নামার চিরিঙ্গা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মসজিদের ভেতর বক্তব্য দেন তিনি। এ সময় মুসল্লীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মাতামুহুরী নদী এবং বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ গ্রহণ করতে জেলা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সরাসরি নির্দেশ প্রদান করেন। এই নির্দেশনার পর মুসল্লীরা মন্ত্রীকে সাধুবাদ জানান।

এদিকে অতিসম্প্রতি গ্রেপ্তার হওয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার সঙ্গে জড়িত মেজর (অব.) মো. মোজাফ্‌ফর হোসেনকে নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই বিষয়ে তিনি বলেন, দীর্ঘসময় পলাতক থাকার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করেছে এবং সেনা হেফাজতে তাকে দেওয়া হয়েছে। যে আইনে একই সহযোগীদেরকে বিচার করা হয়েছে, যাতে সেই আইনে বিচার করা যায়। এটা সেনাবাহিনী দেখছে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, কঙবাজার জেলা পরিষদ প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, কঙবাজার জেলা প্রশাসক মো. . মান্নান, কঙবাজারের পুলিশ সুপার এন এম সাজেদুর রহমান, চকরিয়া ও মাতামুহুরী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার, এসি ল্যান্ড রূপায়ন দেব, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) অহিদুর রহমান, চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার অভিজিত দাস, থানার ওসি মো. আরিফুর রহমান প্রমুখ।

আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পেকুয়া এবং নবগঠিত মাতামুহুরী উপজেলায় বন্যায় ক্ষয়ক্ষতির চিত্র সরজমিন পরিদর্শনসহ বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পূর্ববর্তী নিবন্ধএক বছর প্রস্তুতি নিয়ে মেসির এই পারফরম্যান্স
পরবর্তী নিবন্ধবন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সরকারের অগ্রাধিকার : অর্থমন্ত্রী